বিদেশি বিনিয়োগ বাড়াতে কর সুবিধা চায় সিএসই

দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে কর রেয়াত সুবিধা চায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। একই সঙ্গে স্টক এক্সচেঞ্জকে আরও শক্তিশালী করতে স্টক এক্সচেঞ্জের জন্য পাঁচ বছরের জন্য কর অব্যাহতির দাবি জানিয়েছে সংস্থাটি।
আজ সোমবার দুপুরে রাজধানীর মতিঝিলে অবস্থিত সিএসইর ঢাকা কার্যালয়ে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সিএসইর ব্যবস্থাপনা পরিচালক ওয়ালি-উল-মারুফ মতিন।
ওয়ালি-উল-মারুফ মতিন বলেন, 'বিদেশি বিনিয়োগকারীদের জন্য মুনাফার ওপর ১০ শতাংশ কর রয়েছে। এ কর প্রত্যাহার দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার হাতিয়ার হতে পারে। কেননা তাঁরা জানেন, আমাদের দেশের পুঁজিবাজারে বিনিয়োগে কিছুটা ঝুঁকি রয়েছে। কিন্তু এর মধ্যেও বিনিয়োগ করে লাভবান হতে পারলে তাঁরা আরও বেশি আকৃষ্ট হবেন।'
২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পুঁজিবাজারবান্ধব হয়েছে উল্লেখ করে ওয়ালি-উল-মারুফ মতিন বলেন, এর মানে এই নয় যে, বাজেটের মাধ্যমে পুঁজিবাজার ঝুঁকিমুক্ত হয়ে গেল। এখানে ঝুঁকি থাকবে। তবে বাজেটে যেসব সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে তাতে বিনিয়োগকারীরা উপকৃত হবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক গোলাম ফারুক ও জনসংযোগ কর্মকর্তা সানজিদা পারভীন।