বিদেশি বিনিয়োগে রেকর্ড

সদ্য বিদায়ী ২০১৬-১৭ অর্থবছরে বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে নতুন রেকর্ড হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। ২০১৬ সালের জুলাই থেকে চলতি বছরের জুন সময়ে ডিএসইতে প্রায় ১০ হাজার কোটি টাকার লেনদেন হয়, যা এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ।
ডিএসইর তথ্য অনুযায়ী, সদ্য বিদায়ী অর্থবছরে বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে আগের অর্থবছরের (২০১৫-১৬) চেয়ে প্রায় ২৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। ২০১৫-১৬ অর্থবছরে বৈদেশিক লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৮ হাজার ৮৪ কোটি টাকা। সেই হিসাবে টাকার অঙ্কে গত অর্থবছরে বৈদেশিক লেনদেনের পরিমাণ আগের অর্থবছরের চেয়ে ১ হাজার ৯২৫ কোটি টাকা বেড়েছে।
বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ২০১০ সালের ধসের পর আইনি সংস্কারসহ নানামুখী উদ্যোগের ফলে বাজারে একধরনের স্থিতিশীলতা ফিরে আসছে। এ ছাড়া অনেক ভালো মৌলভিত্তির শেয়ারের দাম অনেক নিচে নেমে আসে। আর বিদেশি বিনিয়োগকারীরা একটু একটু করে এসব শেয়ারে তাঁদের বিনিয়োগ বাড়াচ্ছেন।
গত অর্থবছরে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংকের শেয়ারের মালিকানায় বড় ধরনের রদবদল ঘটে। এ সময় দেশ-বিদেশ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ব্যাংকটির শেয়ার কেনা হয়। নিয়মিত বিনিয়োগের বাইরে গত অর্থবছরে ইসলামী ব্যাংকের শেয়ার কেনাকে কেন্দ্র করেও কিছু বিদেশি বিনিয়োগ আসে শেয়ারবাজারে।
জানতে চাইলে আইডিএলসি ইনভেস্টমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, গত বছরে বাজারে বড় ধরনের কোনো উত্থান-পতন ছিল না। দেশের সামগ্রিক অর্থনীতিতেও ছিল একধরনের স্থিতিশীলতা। তালিকাভুক্ত মৌলভিত্তির কোম্পানিগুলো ভালো মুনাফা করে। এসব কারণে বিদেশি বিনিয়োগ হয়তো বেড়েছে বাজারে।
ডিএসইর তথ্য অনুযায়ী, গত অর্থবছরের ১২ মাসের মধ্যে সবচেয়ে বেশি বিনিয়োগ এসেছে গত মার্চ মাসে। ওই মাসে ঢাকার শেয়ারবাজারে বৈদেশিক লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৯২ কোটি টাকা। এর মধ্যে ক্রয়ের পরিমাণ ছিল ৭১১ কোটি আর বিক্রয়ের পরিমাণ ছিল ৩৮১ কোটি টাকা। ক্রয়-বিক্রয়ের যোগ-বিয়োগ শেষে মার্চ মাসে প্রকৃত বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল ৩৩০ কোটি টাকা।
প্রকৃত বিদেশি বিনিয়োগের দিক থেকে গত অর্থবছরে সর্বোচ্চ বিদেশি বিনিয়োগ এসেছে গত জুনে। জুন মাসে ডিএসইতে প্রকৃত বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল ৩৯০ কোটি টাকারও বেশি। যদিও ওই মাসে ১ হাজার ৭৩ কোটি টাকার বৈদেশিক লেনদেন হয়। এর মধ্যে ক্রয়ের পরিমাণ ছিল ৭৩১ কোটি টাকার আর বিক্রয়ের পরিমাণ ছিল ৩৪১ কোটি টাকার।
লঙ্কাবাংলা সিকিউরিটিজের গবেষণা সেল থেকে প্রকাশিত ২০১৭ সালের বিনিয়োগ নির্দেশিকার তথ্য অনুযায়ী, ২০১৬ সালের ডিসেম্বরে বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল মোট বাজার মূলধনের ৬ শতাংশ। বিদেশি বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগের জন্য সবচেয়ে বেশি পছন্দ খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি। এ খাতের তালিকাভুক্ত কোম্পানির প্রায় ২০ শতাংশ শেয়ারের মালিকানা বিদেশিদের হাতে। বিদেশিদের কাছে দ্বিতীয় পছন্দের তালিকায় রয়েছে ওষুধ ও রসায়ন খাত। এ খাতের তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারের প্রায় সাড়ে ১২ শতাংশ রয়েছে বিদেশিদের হাতে।
লঙ্কাবাংলা সিকিউরিটিজের গবেষণা বিভাগের প্রধান মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, নির্দিষ্ট কিছু কোম্পানিতেই ঘুরপাক খায় বিদেশি বিনিয়োগ। আর্থিক ভিত্তি ভালো, নিয়মিত লভ্যাংশ দেয় এমন কোম্পানিকেই বেছে নেয় তারা। ২০১৬ সালের ডিসেম্বরের তথ্য অনুযায়ী, তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিদেশি বিনিয়োগ ছিল অলিম্পিক ইন্ডাস্ট্রিজে। কোম্পানিটির প্রায় ৩৯ শতাংশ শেয়ারের মালিক ছিলেন বিদেশিরা।
লঙ্কাবাংলা সিকিউরিটিজের গবেষণার তথ্য অনুযায়ী, বিদেশি বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগের জন্য পছন্দের তালিকায় রয়েছে ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা, ডেলটা ব্র্যাক হাউজিং, স্কয়ার ফার্মা, বিএসআরএম লিমিটেড, রেনেটা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বেক্সিমকো, গ্রামীণফোন, লাফার্জ সুরমা সিমেন্ট, বাটা সু, সিটি ব্যাংক, আইডিএলসির মতো বড় মূলধনি কোম্পানিগুলো।