বিদেশিদের জন্য কর সুবিধা চায় সিএসই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়াতে কর রেয়াত সুবিধা চায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।
প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে গতকাল সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওয়ালি-উল-মারুফ মতিন। রাজধানীর মতিঝিলে সিএসইর কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মারুফ মতিন বলেন, ‘বিদেশি বিনিয়োগকারীদের জন্য মুনাফার ওপর ১০ শতাংশ কর রয়েছে। এই কর প্রত্যাহার দেশের পুঁজিবাজারে তাদের আকৃষ্ট করার হাতিয়ার হতে পারে। কেননা তাঁরা জানেন, আমাদের দেশের পুঁজিবাজারে বিনিয়োগে কিছুটা ঝুঁকি রয়েছে। কিন্তু এর মধ্যেও বিনিয়োগ করে লাভবান হতে পারলে তাঁরা আরও বেশি আকৃষ্ট হবেন।’
বাজেট পুঁজিবাজার-বান্ধব হয়েছে উল্লেখ করে সিএসইর এমডি বলেন, ‘এর মানে এই নয় যে বাজেটের মাধ্যমে পুঁজিবাজার ঝুঁকিমুক্ত হয়ে গেল। এখানে ঝুঁকি থাকবে। তবে বাজেটে যেসব সুযোগসুবিধা দেওয়া হয়েছে তাতে বিনিয়োগকারীরা উপকৃত হবেন।’
স্টক এক্সচেঞ্জের জন্য কর অব্যাহতি দাবি করে মারুফ মতিন বলেন, বিনিয়োগকারীদের আকৃষ্ট করা এবং কারিগরি ও অবকাঠামোগত উন্নয়নের স্বার্থে স্টক এক্সচেঞ্জকে ক্রমহ্রাসমান হারের পরিবর্তে পাঁচ বছরের জন্য শতভাগ কর অবকাশ সুবিধা দেওয়া প্রয়োজন।
আগামী ২০১৫-১৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে স্টক এক্সচেঞ্জের কর অবকাশ-সুবিধার বিষয়ে সুস্পষ্ট করে কিছু বলা হয়নি। চলতি ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে স্টক এক্সচেঞ্জের জন্য কর অবকাশ-সুবিধা ঘোষণা করা হয়েছিল। তাতে পাঁচ বছরের জন্য ক্রমহ্রাসমান হারের ভিত্তিতে স্টক এক্সচেঞ্জকে কর অবকাশ-সুবিধা দেওয়া হয়। ফলে প্রথম বছর শতভাগ কর অবকাশ-সুবিধা ভোগ করার পর দ্বিতীয় বছরে ৮০ শতাংশ, তৃতীয় বছরে ৬০ শতাংশ, চতুর্থ বছরে ৪০ শতাংশ হারে কর অবকাশ-সুবিধা পাওয়ার কথা। সেই হিসাবে আগামী অর্থবছর থেকেই স্টক এক্সচেঞ্জের করের আওতায় (২০%) আসার কথা রয়েছে।
সিএসইর এমডি বলেন, ক্ষুদ্র বিনিয়োগকারীদের করমুক্ত লভ্যাংশ আয়ের সীমা ২০ থেকে ২৫ হাজার টাকায় উন্নীত করা এবং ব্যক্তিশ্রেণির করদাতাদের উৎসে কর ৩০ শতাংশ থেকে ১০ শতাংশে ও পুঁজিবাজার থেকে অর্জিত মূলধনী মুনাফার ওপর করহার ১০ শতাংশে নামিয়ে আনায় বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি হবে। এ ছাড়া প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে করপোরেট কর কমানোর প্রস্তাবকে স্বাগত জানান তিনি।