বিদ্যমান আইনকানুন মেনে চলার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেয়ারবাজার
শেয়ারবাজার

শেয়ারবাজারের টেকসই অবস্থান ধরে রাখতে বিদ্যমান আইনকানুন ও বিধিবিধান যথাযথভাবে মেনে চলতে বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে। সাম্প্রতিক বাজার পরিস্থিতি নিয়ে গতকাল সোমবার অনুষ্ঠিত এক বৈঠকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষ থেকে এ নির্দেশ দেওয়া হয়।
শেয়ারবাজারের সামগ্রিক পরিস্থিতি নিয়ে গতকাল দুপুরে এই বৈঠক ডাকে বিএসইসি। এতে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ), ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশনের নেতা, শীর্ষ কয়েকটি ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।

সভায় বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় বিএসইসির পক্ষ থেকে উপস্থিত সবাইকে বিদ্যমান আইনকানুন ও বিধিবিধান মেনে চলার তাগিদ দেওয়া হয়েছে। বিশেষ করে শেয়ারের বিপরীতে ঋণ বিতরণের ক্ষেত্রে আইন মেনে চলার পরামর্শ দেওয়া হয়। বর্তমানে শেয়ারের বিপরীতে একজন বিনিয়োগকারীকে ১: ০.৫ হারে ঋণ দিতে পারে ঋণদাতা ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলো। বিদ্যমান নিয়মে একজন বিনিয়োগকারীকে ঋণযোগ্য শেয়ারের বিপরীতে ১০০ টাকায় সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত ঋণসুবিধা দেওয়া যায়।
বিএসইসির পক্ষে সভায় নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান। বৈঠকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সূচকের উত্থান-পতন নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। সবাই যাতে আইনকানুন মেনে চলে, এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরামর্শ দেওয়া হয়েছে।’
বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, অতীতের মতো ঋণ অযোগ্য শেয়ারে যাতে বিনিয়োগকারীদের ঋণসুবিধা দেওয়া না হয়, সেটি নিশ্চিত করতে বলা হয়। যাতে বাজারে টেকসই পরিস্থিতি বজায় রাখা যায়।

>* সাড়ে পাঁচ বছর পর ডিএসইতে সর্বোচ্চ লেনদেন
* ডিএসইএক্স সর্বোচ্চ অবস্থানে

বৈঠক শেষে সাইফুর রহমান বলেন, অনেক দিন পর বাজারে গতি ফিরেছে। এ ধারা যাতে টেকসই হয়, সে জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের যথাযথ দায়িত্ব পালনের বিষয়ে তাগিদ ও পরামর্শ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এখন থেকে ঊর্ধ্বমুখী বাজারেও সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে নিয়মিতভাবে এ ধরনের বৈঠক করা হবে।
এদিকে প্রায় সাড়ে পাঁচ বছর পর গতকাল ঢাকার বাজারে সর্বোচ্চ লেনদেন হয়েছে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১ হাজার ৮৫৭ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১৯৮ কোটি টাকা বেশি। ২০১১ সালের ২৮ জুলাইয়ের পর গতকাল ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হয়। সর্বশেষ ২০১১ সালের ২৮ জুলাই ঢাকার বাজারে ১ হাজার ৮৮২ কোটি টাকার লেনদেন হয়েছিল।
দিন শেষে গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৫ পয়েন্ট বা প্রায় ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৭৮ পয়েন্টে। ২০১৩ সালের ২৭ জানুয়ারি সূচকটি চালু হওয়ার পর গতকালই সর্বোচ্চ অবস্থানে উঠেছে।
ঢাকার বাজারে গতকাল মূল্যবৃদ্ধিতে শীর্ষে ছিল বিডি অটোকারস। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ৯ টাকা ৭০ পয়সা বা প্রায় ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০৭ টাকা ৪০ পয়সায়। গত এক বছরের মধ্যে এটাই কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ বাজারমূল্য। গত রোববার কোম্পানিটি দুর্বল মৌলভিত্তির ‘জেড’ শ্রেণি থেকে ‘বি’ শ্রেণিতে উন্নীত হয়েছে। ২০১৬ সালের জুনে সমাপ্ত আর্থিক বছরের জন্য শেয়ারধারীদের ৩ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়ে কোম্পানিটি এই শ্রেণি পরিবর্তন করেছে। শ্রেণি পরিবর্তনের কারণে আইন অনুযায়ী, বিডি অটোকারসের শেয়ারের বিপরীতে ৩০ কার্যদিবসের জন্য ঋণসুবিধা বন্ধ রয়েছে। তা সত্ত্বেও এটির মূল্যবৃদ্ধির লাগাম টেনে ধরা যাচ্ছে না।
লেনদেনে ঢাকার বাজারে আধিপত্য ধরে রেখেছে আলোচিত ব্যবসায়ী ও আওয়ামী লীগ সভানেত্রীর বেসরকারি খাত উন্নয়নবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো। এদিন ডিএসইতে এককভাবে কোম্পানিটির প্রায় ৯৫ কোটি টাকার শেয়ারের হাতবদল হয়। তবে প্রতিটি শেয়ারের দাম ১০ পয়সা কমে দাঁড়িয়েছে ৩৭ টাকা ২০ পয়সায়।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি ১৭৪ পয়েন্ট বা প্রায় ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৭২ পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ১০৫ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ২ কোটি টাকা কম।