বিদ্যুৎ ও জ্বালানি খাতের আধিপত্য শেয়ারবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ ও জ্বালানি খাতের সরকারি মালিকানাধীন কোম্পানিরই আধিপত্য ছিল গতকাল বৃহস্পতিবার দেশের শেয়ারবাজারে। দুই বাজারেই সরকারি মালিকানাধীন বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানিগুলোর দর বেড়েছে। লেনদেনেও এগিয়ে ছিল এসব কোম্পানি।
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল লেনদেনের শীর্ষ দুই কোম্পানি ছিল ডেসকো ও তিতাস। এ ছাড়া মূল্যবৃদ্ধি ও লেনদেনে এগিয়ে ছিল এ খাতের অন্য কোম্পানি ইস্টার্ন লুব্রিকেন্টস, পদ্মা ও যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও পাওয়ারগ্রিড। গতকাল ডিএসইতে এ সাত কোম্পানির সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১১১ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ১৪ শতাংশ।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ইস্টার্ন লুব্রিকেন্টস বাদে বাকি ছয়টি তালিকাভুক্ত। সিএসইতে গতকাল ওই ছয়টির সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩৩ কোটি টাকা, যা ওই বাজারের মোট লেনদেনের প্রায় ৫৮ শতাংশ।
ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হয়েছে ডেসকোর শেয়ারের। এককভাবে এ প্রতিষ্ঠানটির প্রায় ৩৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। সেই সঙ্গে দাম বেড়েছে প্রায় ৯ শতাংশ বা ছয় টাকা ৩০ পয়সা। ফলে দিন শেষে এটির প্রতিটি শেয়ারের দাম বেড়ে দাঁড়িয়েছে ৭৬ টাকা ৫০ পয়সায়। দ্বিতীয় অবস্থানে থাকা তিতাস গ্যাসের এককভাবে প্রায় ৩৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। আর দুই শতাংশ বা দুই টাকা বেড়ে দিন শেষে তিতাসের প্রতিটি শেয়ার দাম দাঁড়িয়েছে ৯৫ টাকা ৫০ পয়সায়।
এসব কোম্পানির প্রতিটিরই আর্থিক বছর শেষ হয় জুনে। এদের মধ্যে এখন পর্যন্ত ডেসকো শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করলেও অন্যান্য কোম্পানির ঘোষণা আসেনি।
ডিএসইর পরিচালক শাকিল রিজভী বলেন, লভ্যাংশ ঘোষণার প্রত্যাশা সামনে রেখে এসব শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ তৈরি হয়েছে। এতে করে বাজারে এসব শেয়ারের চাহিদা বাড়ায় দামও বেড়েছে।