২০১০ সালের শেয়ারবাজার ধসের সাড়ে চার বছর পর এসেও বাজার ছাড়ছেন বিনিয়োগকারীরা। বন্ধ করে দিচ্ছেন শেয়ার লেনদেনের অপরিহার্য উপাদান বিও (বেনিফিশারি ওনার্স) হিসাব। বাজার-সংশ্লিষ্টরা বলছেন, একটি বিও হিসাব বন্ধ হওয়াও কাম্য নয়।
বিও হিসাব সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড বা সিডিবিএলের হিসাবে, গত ৩০ জুন শেয়ারবাজারে সক্রিয় বিও হিসাবের সংখ্যা ছিল ৩২ লাখ ৪ হাজার ৬০৩টি। আর গতকাল ৫ আগস্ট সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩০ লাখ ২৪ হাজার ১৬৪ টিতে। অর্থাৎ প্রায় এক মাসের ব্যবধানে এক লাখ ৮০ হাজারেরও বেশি বিও হিসাব বন্ধ হয়ে গেছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বার্ষিক নবায়ন মাশুল দিয়ে হালনাগাদ না করায় এসব হিসাব বন্ধ করে দেওয়া হয়েছে।
এক মাসের ব্যবধানে প্রায় দুই লাখ বিও হিসাব বন্ধ হয়ে গেলেও বাজার সংশ্লিষ্টরা বলছেন, এখন বাজারে ৩০ লাখ বিও হিসাব সক্রিয় রয়েছে। এ সংখ্যাটি আশাবাদী হওয়ার মতোই।
সিডিবিএল সূত্রে জানা গেছে, গত বছরও নবায়ন না করায় প্রায় দেড় লাখ বিও হিসাব বন্ধ করে দেওয়া হয়েছিল।
প্রসঙ্গত, শেয়ারবাজারে লেনদেনের জন্য ব্যাংক হিসাবের পাশাপাশি প্রত্যেক বিনিয়োগকারীকে ব্রোকারেজ হাউসে একটি করে হিসাব খুলতে হয়। শেয়ারবাজারে এটি বিও হিসাব নামেই পরিচিত। একজন বিনিয়োগকারী নিজ নামে ও যৌথভাবে সর্বোচ্চ দুটি হিসাব খুলতে পারেন।
প্রতিটি বিও হিসাবের জন্য প্রত্যেক বিনিয়োগকারীকে বার্ষিক ফি বা মাশুল দিতে ৫০০ টাকা। এর মধ্যে সংশ্লিষ্ট ডিপজিটরি প্রতিষ্ঠান অর্থাৎ যার অধীনে বিও হিসাবটি খোলা হয় সেই প্রতিষ্ঠান পায় ১০০ টাকা। সিডিবিএল পায় ১৫০ টাকা, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পায় ৫০ টাকা আর বাকি ২০০ টাকা সরকারের কোষাগারে জমা হয়। বছর শেষে এসে এই ৫০০ টাকা ফি না দেওয়ায় বন্ধ হয়ে গেছে প্রায় দুই লাখ বিও হিসাব।
শেয়ারবাজার ধসের সাড়ে চার বছর পর এসেও এভাবে বিপুলসংখ্যক বিনিয়োগকারীর বাজার ছেড়ে যাওয়ার ঘটনাকে দুঃখজনক বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের মতে, শেয়ারবাজারে ভরসা রাখার মতো পরিস্থিতি তৈরি না হওয়ায় এসব বিনিয়োগকারী আগ্রহ হারিয়ে ফেলেছেন।
জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক শাকিল রিজভী প্রথম আলোকে বলেন, যে কারণেই হোক একটি বিও হিসাব বন্ধ হওয়াও কাম্য নয়। যেকোনো কারণেই হোক বাজারের ওপর আস্থা রাখতে না পারায় প্রায় দুই লাখ বিনিয়োগকারী তাদের বিও হিসাব আর নবায়ন করেননি। ফলে নিয়ম অনুযায়ী সেগুলো বন্ধ করা হয়েছে। বাজারে বড় ধরনের উত্থান-পতন না থাকলে এত বিনিয়োগকারী বাজার ছেড়ে যেতেন না। দেখা যাচ্ছে বাজারের সূচক একবার পাঁচ হাজারে উঠছে আবার কিছুদিন না যেতেই তা চার হাজারের কাছাকাছি নেমে যাচ্ছে। এ অবস্থার কারণে বাজারের ওপর বিনিয়োগকারীরা পূর্ণ ভরসা রাখতে পারছেন না।
ডিএসই ও বিএসইসি সংশ্লিষ্টরা জানান, অনেকেই শুধু প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও আবেদনের জন্য আত্মীয়, পরিজন, বন্ধবান্ধবের নামে বিও হিসাব খুলে সেগুলোর মাধ্যমে আবেদন করতেন। এ জন্য বছরে যে পরিমাণ মাশুল দিতে হয় তা দিয়ে একসঙ্গে অনেক হিসাব সক্রিয় রাখাকে লাভজনক মনে করছেন না অনেকে। তাই এসব হিসাব কমিয়ে ফেলছেন। কারণ আইপিও থেকে যে লাভ আসে তাতে হয়তো এখন আর পোষায় না।