বিনিয়োগকারীর কর ছাড় থাকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারের ব্যক্তিশ্রেণির সাধারণ বিনিয়োগকারীদের আয়ের করমুক্ত সুবিধার ধারাবাহিকতা বহাল রেখে নতুন আয়কর আদেশ জারি করা হয়েছে। গত বুধবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। এর আগে ২০১০ সালের জারি করা এ-সংক্রান্ত আদেশ প্রত্যাহারের ফলে এ ক্ষেত্রে আইনি ঘাটতি দেখা দেয়। নতুন আদেশ জারির মাধ্যমে সেই ঘাটতি পূরণ করার পাশাপাশি সাধারণ বিনিয়োগকারীদের লেনদেনের কর অব্যাহতি সুবিধাটি নিশ্চিত করা হয়। নতুন আদেশে বলা হয়েছে, ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, বিমা, ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংকের উদ্যোক্তা ও শেয়ারধারীদের আগের নিয়মে শেয়ার লেনদেনের ওপর ৫ শতাংশ কর দিতে হবে। এর বাইরে অন্য কোনো ব্যক্তি তালিকাভুক্ত কোম্পানির ১০ শতাংশের বেশি শেয়ারধারীদেরও আগের নিয়মে ৫ শতাংশ কর অপরিবর্তিত রাখা হয়েছে।