বিশ্ব শেয়ারবাজারে অ্যাপলের ধাক্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বখ্যাত প্রযুক্তি কোম্পানি অ্যাপলের শেয়ার দর কমায় ধাক্কা লেগেছে বিশ্বের বড় শেয়ারবাজারগুলোতে। এপ্রিল-জুন প্রান্তিকে মুনাফা ৩৮ শতাংশ বাড়লেও গতকাল বুধবার কোম্পানিটির শেয়ারের দাম ৭ শতাংশ কমে যায়। মুনাফা নিয়ে অতিরিক্ত উচ্চাশার কারণেই এমনটা হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
মুনাফা বৃদ্ধির ফলে অ্যাপলের কাছে নগদ টাকার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২০ কোটি ৩০ লাখ ডলার। আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটির আয় ৩৩ শতাংশ বেড়ে হয়েছে ৪ হাজার ৯৬০ কোটি ডলার। কোম্পানিটির এই আয়ের দুই-তৃতীয়াংশই এসেছে মূলত আইফোন ৬-এর বিক্রি থেকে।
তবে আয় ও মুনাফা বৃদ্ধি পাওয়া সত্ত্বেও পুঁজিবাজারে অ্যাপলের শেয়ারের সার্বিক মূল্যমান ছয় হাজার কোটি ডলার কমেছে। যদিও অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক আলোচ্য প্রান্তিকের আর্থিক ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন।
গতকাল অ্যাপল শেয়ারের দরপতনের নেতিবাচক প্রভাবে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্সের পুঁজিবাজারগুলোয় সূচক পড়ে যায়। যুক্তরাষ্ট্রভিত্তিক এসঅ্যান্ডপি ৫০০, ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইউ) এফটিএসই ইউরো ৩০০, যুক্তরাজ্যের এফটিএসই ১০০, জার্মানির ড্যাক্স প্রভৃতি সূচক গড়ে ১ শতাংশ কমে গেছে। আর জাপানভিত্তিক নিক্কি ২২৫ সূচকও কমেছে ১ দশমিক ২ শতাংশ।
অ্যাপলের পাশাপাশি বিশ্বের বৃহত্তম সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফটের শেয়ারের দামও এদিন ৪ শতাংশ এবং ইয়াহু!র শেয়ার দর ২ দশমিক ২ শতাংশ কমেছে।
এদিকে বৈশ্বিক পুঁজিবাজারের নেতিবাচক প্রভাব পড়েছে আন্তর্জাতিক মুদ্রাবাজার, সোনা ও জ্বালানি তেলের কেনাবেচায়। গত তিন মাসের মধ্যে প্রথমবারের মতো ইউরোর বিপরীতে মার্কিন ডলারের দাম কমেছে। ব্রিটিশ পাউন্ডের বিপরীতেও দাম কমেছে ডলারের।
গতকাল প্রতি আউন্স সোনার দাম দশমিক শূন্য ৭ শতাংশ কমেছে। যুক্তরাজ্যভিত্তিক বহুজাতিক ব্যাংক বার্কলেজের এক বিশ্লেষণে বলা হয়েছে, বর্তমানে যে দামে সোনা বিক্রি হচ্ছে, তা আরও কমার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।
যুক্তরাষ্ট্রভিত্তিক অপরিশোধিত জ্বালানি তেল ইউএস ক্রুডের দাম দেড় শতাংশ কমে ৫০ ডলার ১০ সেন্ট হয়েছে। আর ইউরোপভিত্তিক ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশ কমে ৫৬ ডলার ৪৩ সেন্টে নেমেছে।
যুক্তরাষ্ট্র ও ইউরোপে কমেছে বন্ডের লভ্যাংশ সূচক। যুক্তরাষ্ট্রে ট্রেজারি বন্ডের লভ্যাংশ সূচক পয়েন্ট কমেছে ২ দশমিক ৩৩ শতাংশ।
সূত্র: রয়টার্স, বিবিসি।