বিশ্ব শেয়ারবাজারে চীন-জাপানের প্রভাব
বিশ্বের দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম অর্থনীতি যথাক্রমে চীন ও জাপানের শেয়ারবাজারের পতনসহ বিভিন্ন অর্থনৈতিক সূচক পড়ে যাওয়ায় এশিয়া ও ইউরোপে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে বড় বড় শেয়ারবাজারে বিরূপ প্রভাব পড়ছে।
জাপানের শেয়ারবাজারে বুধবার বড় উত্থান ঘটলেও বৃহস্পতিবারই আবার পতন ত্বরান্বিত হয়। দেশটির প্রধান শেয়ার সূচক নিক্কেই ২২৫ গতকাল আড়াই শতাংশ কমেছে। আগের দিন বুধবার সূচকটি ৮ শতাংশ বেড়েছিল, যা ২০০৮ সাল-পরবর্তী সাত বছরের মধ্যে এক দিনের লেনদেনে সর্বোচ্চ।
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক এপ্রিল-জুনে জাপানের অর্থনীতি ১ দশমিক ২ শতাংশ সংকুচিত হয়েছে। এ ছাড়া সর্বশেষ উপাত্ত অনুযায়ী, দেশটিতে জুনের তুলনায় জুলাইয়ে মূলধনি ব্যয়ও ৩ দশমিক ৬ শতাংশ কমেছে। তবে ব্যবসায়িক বিনিয়োগ আরও কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গতকাল চীনের প্রধান সূচক সাংহাই সমন্বিত সূচক ১ দশমিক ৪ শতাংশ কমেছে। সর্বশেষ আগস্ট মাসে দেশটির আমদানি ও রপ্তানি দুটোই কমেছে। খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় চীনে সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে। গতকাল প্রকাশিত উপাত্ত অনুযায়ী, চীনের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) বেড়ে এই আগস্টে ১৯ দশমিক ৬ শতাংশে উঠেছে, যা গত বছরে একই সময়ে ছিল ১৬ দশমিক ৭ শতাংশ। আবার উৎপাদক মূল্যসূচক (পিপিআই) ৫ দশমিক ৯ শতাংশ কমেছে। এ নিয়ে সূচকটি টানা ৪২ মাসের মতো কমল।
এশিয়া ও ইউরোপের অধিকাংশ বড় শেয়ারবাজারে গতকাল সূচকের পতন ঘটেছে। এর মধ্যে লন্ডনের এফটিএসই ১০০ সূচক শূন্য দশমিক ৯৮ শতাংশ, অস্ট্রেলিয়ার এসঅ্যান্ডপি/এএসএক্স সূচক ২ দশমিক ৪ শতাংশ, হংকংয়ের হেংসেং সূচক ২ দশমিক ৬ শতাংশ কমেছে। তবে দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক অবশ্য শূন্য দশমিক ৭ শতাংশ বেড়েছে।
সূত্র: বিবিসি