বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ার ছাড়ছে ইউনাইটেড পাওয়ার
ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। কোম্পানিটি বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাতিষ্ঠানিক ও সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে তিন কোটি ৩০ লাখ শেয়ার বিক্রি করবে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ৬২ টাকা অধিমূল্য যুক্ত হয়ে প্রতিটি শেয়ারের বিক্রয়মূল্য নির্ধারিত হয়েছে ৭২ টাকা।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গত মঙ্গলবারের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বর্তমানে শেয়ারবাজারে ব্যক্তিমালিকানাধীন কোম্পানির শেয়ার ছাড়ার দুটি পদ্ধতি চালু রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে বুক বিল্ডিং পদ্ধতি ও অপরটি স্থির মূল্য বা ফিক্সড প্রাইস পদ্ধতি। বুক বিল্ডিং পদ্ধতিতে দরপ্রস্তাবের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা শেয়ারের মূল্য নির্ধারণ করে থাকে। পরে ওই নির্ধারিত দামের ভিত্তিতে নিয়ন্ত্রক সংস্থা ওই কোম্পানিকে শেয়ার ছাড়ার অনুমোদন দেয়।
কোনো কোম্পানি বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজারে শেয়ার ছাড়তে আগ্রহ হলে প্রথমে নিয়ন্ত্রক সংস্থাকে জানাতে হবে। পরে কোম্পানির পক্ষ থেকে রোড শো বা পথপ্রদর্শনী কের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সামনে কোম্পানির নানা দিক তুলে ধরা হবে। সেসবের ভিত্তিতে বিভিন্ন শ্রেণির প্রতিষ্ঠানের কাছ থেকে নির্দেশক মূল্য প্রস্তাব জমা নেওয়া হবে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের প্রস্তাবিত দরের ভিত্তিতে নির্ধারিত হবে নির্দেশক মূল্য।
এরপর নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে আনুষ্ঠানিক দরপ্রস্তাবের আয়োজন করা হয়। যেখানে স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা নির্ধারিত পরিমাণ শেয়ারের ক্রয় ও দাম প্রস্তাব করবে। এ ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানই নির্দেশক দামের ২০ শতাংশের কম বা বেশি দরপ্রস্তাব করতে পারবে না। এ দরপ্রস্তাবের ভিত্তিতে নির্ধারিত হবে শেয়ারের বিক্রয়মূল্য।
প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের দরপ্রস্তাবের ভিত্তিতে ইউনাইটেড পাওয়ারের শেয়ারের বিক্রয়মূল্য নির্ধারিত হয়েছে। ছয়টি শ্রেণির ২৮টি প্রতিষ্ঠানের দরপ্রস্তাবের ভিত্তিতে প্রথমে কোম্পানিটির নির্দেশক মূল্য নির্ধারিত হয় ৬০ টাকা। এর ভিত্তিতে ৬৮টি প্রতিষ্ঠান ৬৮টি প্রতিষ্ঠান নির্দেশক দামের চেয়ে ২০ শতাংশ বেশিতে ৭২ টাকায় দরপ্রস্তাব জমা দেয়।
নির্ধারিত এ দামে এখন কোম্পানিটি আইপিওতে শেয়ার বিক্রি করবে। তবে তিন কোটি ৩০ লাখ শেয়ারের মধ্যে ৪০ শতাংশ বিক্রি করা হবে দরপ্রস্তাবে অংশগ্রহণকারী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে। বাকি ৬০ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারী ও মিউচুয়াল ফান্ডের কাছে বিক্রি করা হবে। এর মাধ্যমে কোম্পানিটি বাজার থেকে ২৩৭ কোটি ৬০ লাখ টাকা সংগ্রহ করবে। এ টাকায় কোম্পানিটি ব্যাংকঋণ পরিশোধ এবং প্রেফারেন্স বা অগ্রাধিকারমূলক শেয়ারের দায়মুক্তির কাজে ব্যবহার করবে।
এদিকে ইউনাইটেডের শেয়ার ছাড়ার আবেদনের সঙ্গে কমিশনে জমা দেওয়া আর্থিক প্রতিবেদনে অসত্য তথ্য দেওয়ায় কোম্পানিটিকে দুই লাখ টাকা, ইস্যু ব্যবস্থাপককে এক লাখ ও নিরীক্ষা প্রতিষ্ঠান হুদাভাসি চৌধুরীকে দুই লাখ করে মোট পাঁচ লাখ টাকা জরিমানা করেছিল বিএসইসি।
ইউনাইটেড পাওয়ার চট্টগ্রাম ও ঢাকা ইপিজেডে অবস্থিত বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান। বর্তমানে কোম্পানিটির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১৬০ মেগাওয়াট। এটি ইউনাইটেড গ্রুপের একটি প্রতিষ্ঠান। এই গ্রুপের অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বেসরকারি ইউনাইটেড হসপিটাল, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি, নভো হেলথকেয়ার অ্যান্ড ফার্মা, সুপারশপ ইউনিমার্টসহ আরও বেশ কিছু প্রতিষ্ঠান।