বেক্সিমকোর শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্বাভাবিকভাবে বাড়ছে আলোচিত ব্যবসায়ী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়নবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকোর শেয়ারের দাম। কেন একটানা কোম্পানিটির শেয়ারের দাম বাড়ছে, তা জানতে চেয়ে গত সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পক্ষ থেকে কোম্পানির কাছে চিঠি দেওয়া হয়েছে।
ডিএসইর চিঠির জবাবে বেক্সিমকো কর্তৃপক্ষ গতকাল মঙ্গলবার জানিয়েছে, সাম্প্রতিক সময়ে কোম্পানিটির অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পাওয়ার মতো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল কোনো তথ্য কোম্পানির কাছে নেই। অর্থাৎ অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ জানে না কোম্পানি কর্তৃপক্ষ।
গত কয়েক দিনের ধারাবাহিকতায় ঢাকার বাজারে গতকালও লেনদেনের শীর্ষস্থানটি ধরে রাখে বেক্সিমকো। এদিন এককভাবে কোম্পানিটির প্রায় ৬৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর দিন শেষে প্রতিটি শেয়ারের দাম ৭০ পয়সা বা প্রায় ২ শতাংশ বেড়েছে।
ডিএসইর তথ্য অনুযায়ী গত ১৫ কার্যদিবসে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ৯ টাকা ৩০ পয়সা বেড়েছে। গত ১৮ ডিসেম্বর যেখানে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ২৪ টাকা, সেখানে গতকাল তা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ টাকা ৪০ পয়সায়।
এদিকে ঢাকার বাজারে গতকাল দিন শেষে লেনদেন প্রায় ১ হাজার ৭০০ কোটি টাকায় পৌঁছেছে। এদিন ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৬৯৭ কোটি টাকা। ২০১১ সালের ২৮ জুলাইয়ের পর এটিই ডিএসইতে সর্বোচ্চ লেনদেন। অর্থাৎ প্রায় সাড়ে পাঁচ বছর পর ডিএসইতে লেনদেন প্রায় ১ হাজার ৭০০ কোটির কাছাকাছি পৌঁছেছে।