বেড়েছে সূচক, কমেছে লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের ইতিবাচক প্রবণতায় আজ বুধবার শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। তবে সূচক বেড়েছে। সূচক বাড়লেও গতকালের চেয়ে লেনদেন কমেছে দুই বাজারে।

ডিএসইতে ৫৭৮ কোটি টাকার লেনদেন

লেনদেন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪,৫৯৯ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। দুপুর ১২টার দিকে সূচক সামান্য কমলেও আবার ইতিবাচক প্রবণতায় যায় সূচক, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।

আজ ডিএসইতে ২৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩১টির দাম বেড়েছে, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইতে আজ ৫৭৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২১৭ কোটি টাকা কম। গতকাল এ বাজারে ৭৯৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে লেনদেনে শীর্ষে বেক্সিমকো

গতকালের মতো আজও ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে বেক্সিমকো। আজ প্রতিষ্ঠানটির ৩৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, এমজেএল বিডি, গোল্ডেন সন, গ্রামীণফোন, ইউনাইটেড এয়ার, বিএসআরএম স্টিল, বিডি বিল্ডিং, তিতাস গ্যাস প্রভৃতি।

সিএসইতে ৪২ কোটি টাকার লেনদেন

ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বেড়েছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ১৯৯ পয়েন্টে।

সিএসইতে আজ ২১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৭৫টির দাম বেড়েছে। কমেছে ১১৬টির আর অপরিবর্তিত রয়েছে ২৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ৪২ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১১ কোটি টাকা কম। গতকাল এই বাজারে ৫৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।