বোনাস শেয়ার বিক্রির ওপর নিষেধাজ্ঞা
নতুন তালিকাভুক্ত কোম্পানির পরিচালক এবং ওই কোম্পানির ন্যূনতম পাঁচ শতাংশ শেয়ারধারীদের বোনাস শেয়ার বিক্রির ক্ষেত্রে দুই বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ নিষেধাজ্ঞা আরোপ করেছে। গতকাল সোমবার অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া গতকালের সভায় বিদ্যুৎ খাতের একটি কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর অনুমোদন দেওয়া হয়েছে। বিএসইসি জানিয়েছে, যেসব কোম্পানি শেয়ারবাজারে নতুন তালিকাভুক্তির পর লভ্যাংশ ঘোষণা করবে সেসব কোম্পানির পরিচালক এবং ৫ শতাংশ বা তার বেশি শেয়ারধারীদের বোনাস শেয়ার বিক্রির ওপর দুই বছরের নিষেধাজ্ঞা থাকবে। ওই কোম্পানির প্রসপেক্টাস বা বিবরণী প্রকাশের তারিখ থেকে এ নিষেধাজ্ঞা আরোপিত হবে। ফলে তালিকাভুক্ত হওয়ার পরপর কোনো কোম্পানি বোনাস লভ্যাংশ ঘোষণা করলে ওই কোম্পানির পরিচালক ও ৫ শতাংশের বেশি শেয়ারধারীরা সেই বোনাস শেয়ার তাৎক্ষণিকভাবে বিক্রি করে দিয়ে বাজার থেকে টাকা তুলে নিতে পারবেন না।
এত দিন ধরে এ ধরনের কোনো বিধান ছিল না। তাই দেখা গেছে, নতুন তালিকাভুক্ত হওয়ার পরপরই অনেক কোম্পানি বোনাস লভ্যাংশ ঘোষণা করে এবং ওই লভ্যাংশ বুঝে পাওয়ার পর তা বাজারে বিক্রি করে টাকা তুলে নেন কোম্পানির পরিচালকেরা। কারণ তাঁদের মূল শেয়ার বিক্রির ওপর নির্ধারিত সময়ের নিষেধাজ্ঞা থাকলেও বোনাস শেয়ার বিক্রির ক্ষেত্রে সে ধরনের কোনো নিষেধাজ্ঞা ছিল না। ফলে এ সুযোগকে কৌশল হিসেবে বেছে নিতেন কোম্পানির পরিচালকেরা। আর তাতে ক্ষতিগ্রস্ত হতেন সাধারণ বিনিয়োগকারী।
মামলার রায়: এদিকে শেয়ারবাজার-সংক্রান্ত একটি মামলায় অভিযুক্ত আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। পুঁজিবাজার-সংক্রান্ত মামলা নিষ্পত্তির জন্য গঠিত বিশেষ ট্রাইব্যুনালের বিচারক হুমায়ুন কবির গতকাল সোমবার সকালে এ রায় ঘোষণা করেন। রায়ে অভিযুক্ত সৌদি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এগ্রিকালচার (সাবিনকো) কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক কুতুব উদ্দিনকে খালাস দেওয়া হয় বলে জানান বিএসইসির আইনজীবী মাসুদ রানা।
মামলায় কুতুব উদ্দিনের বিরুদ্ধে শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানির শেয়ার নিয়ে কারসাজির অভিযোগ আনে বিএসইসি। এ মামলায় ট্রাইব্যুনালের নেওয়া পাঁচজনের সাক্ষ্যে অভিযুক্ত কুতুব উদ্দিনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাঁকে খালাস দেন বলে মাসুদ রানা জানান।
আইপিও অনুমোদন : ডোরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস নামে সাংসদ তাহজীব আলম সিদ্দিকী ও তাঁর পরিবারের মালিকানাধীন কোম্পানির আইপিও অনুমোদন করেছে বিএসইসি। কোম্পানিটি আইপিওতে দুই কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ৫৮ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১৯ টাকা অধিমূল্য বা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের আইপিও মূল্য নির্ধারণ করা হয়েছে ২৯ টাকা। পুঁজিবাজার থেকে সংগৃহীত টাকায় কোম্পানিটি দুটি সহযোগী কোম্পানির মাধ্যমে নতুন বিদ্যুৎ কেন্দ্র বা পাওয়ার প্ল্যান্ট স্থাপন ও ব্যাংক ঋণ পরিশোধ করবে।