ব্যবস্থাপনায় হস্তক্ষেপ, চেয়ারম্যানকে সতর্ক
ব্যবস্থাপনাকে মালিকানার প্রভাবমুক্ত করতেই আইন করে দেশের দুই স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা আলাদা (ডিমিউচুয়ালাইজেশন) করা হয়। ২০১০ সালের শেয়ারবাজার কেলেঙ্কারির পর ২০১৩ সালের ২ মে ডিমিউচুয়ালাইজেশন আইনটি রাষ্ট্রপতির অনুমোদন পায়। আইনবলে ২০১৩ সালের নভেম্বরে সংখ্যাগরিষ্ঠ স্বতন্ত্র পরিচালক নিয়ে ডিমিউচুয়ালাইজড স্টক এক্সচেঞ্জ হিসেবে যাত্রা শুরু করে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। এর চেয়ারম্যান হন স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পাওয়া জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ।
কিন্তু দুই বছর যেতে না যেতেই সিএসইর ব্যবস্থাপনাসংক্রান্ত কার্যক্রমে পরিচালনা পর্ষদের ‘প্রভাব বিস্তার ও অযাচিত হস্তক্ষেপের’ প্রমাণ পেয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ জন্য নিয়ন্ত্রক সংস্থা সিএসইর চেয়ারম্যান আবদুল মজিদকে সতর্ক করে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।
গত বুধবার বিএসইসির পক্ষ থেকে লিখিতভাবে সিএসইর চেয়ারম্যানকে সতর্ক করা হয়। পাশাপাশি আইন ও দাপ্তরিক শৃঙ্খলাবিরোধী কাজে লিপ্ত থাকার দায়ে সংস্থাটির প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) আহমেদ দাউদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ওয়ালি উল মারুফ মতিনের পদত্যাগপত্রটিও গ্রহণ করা হয়েছে।
গত নভেম্বরে সিএসইর তৎকালীন এমডি ওয়ালি উল মারুফ মতিনের পদত্যাগকে ঘিরে সংস্থাটির ব্যবস্থাপনার কাজে পরিচালনা পর্ষদের অযাচিত হস্তক্ষেপের অভিযোগ ওঠে। নিজের পদত্যাগপত্রে মারুফ মতিন এ অভিযোগ তুলে ধরেন, যার একটি অনুলিপি সে সময় বিএসইসির কাছেও দেওয়া হয়। সেই সূত্র ধরেই পুরো বিষয়টি তদন্তের উদ্যোগ নেয় নিয়ন্ত্রক সংস্থা। আর তাতেই ব্যবস্থাপনার কাজে প্রভাব বিস্তারের সত্যতা এবং সিআরওর বিরুদ্ধে আইন ও দাপ্তরিক শৃঙ্খলা ভঙ্গ ও স্টক এক্সচেঞ্জের কাজে নিজের আওতাবহির্ভূত বিভিন্ন বিষয়ে অযাচিত হস্তক্ষেপের প্রমাণ মেলে। বিএসইসির চিঠিতে আরও বলা হয়, বিভিন্ন ব্যর্থতার বিষয়ে ব্যাখ্যা গ্রহণ শেষে সিআরওর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিএসইসির নেওয়া সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে মারুফ মতিন বলেন, ‘বিভিন্ন বিষয়ে তথ্যপ্রমাণ সংগ্রহ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবসহ পুরো বিষয়টি তদন্ত করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমি তাদের সিদ্ধান্তকে স্বাগত জানাই এবং আমার বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা যে সিদ্ধান্ত দিয়েছে, সেটি আমার জন্য অবশ্যই পালনীয়।’
এ বিষয়ে সিআরও আহমেদ দাউদ প্রথম আলোকে বলেন, ‘আমার বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা এখন আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই এ বিষয়ে এর বেশি কোনো মন্তব্য করতে চাই না।’ তবে মোহাম্মদ আবদুল মজিদ কোনো মন্তব্য করতে রাজি হননি।
এদিকে গতকাল বৃহস্পতিবার সিএসইর পরিচালনা পর্ষদের এক সভা চট্টগ্রামে সিএসইর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। তাতে সংস্থাটির নতুন এমডি নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।