ব্যাংক খাতের প্রভাবে বেড়েছে সূচক ও লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংক খাতের শেয়ারের ওপর ভর করে গতকাল সোমবার ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার। ফলে দুই বাজারেই এদিন সূচক ও লেনদেন বেড়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স সোমবার ২৩ পয়েন্ট বেড়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি বেড়েছে ৭৬ পয়েন্ট। পাশাপাশি দুই বাজারে লেনদেনেও কিছুটা গতি দেখা গেছে গতকাল।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আসন্ন মুদ্রানীতি নিয়ে কয়েক দিন ধরে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে একধরনের ‘জুজুর ভয়’ কাজ করছে। শেয়ারের দাম কমিয়ে কেনার সুযোগ নিতে কেউ কেউ বাজারে এ ভীতি ছড়াচ্ছেন, যা সাধারণ বিনিয়োগকারীদের প্রভাবিত করছে। ২৬ জুলাই চলতি বছরের শেষ ছয় মাসের জন্য মুদ্রানীতি ঘোষণা করার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের।

জানতে চাইলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি ছায়েদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আসন্ন মুদ্রানীতি নিয়ে বাজারে একধরনের প্রোপাগান্ডা বিরাজ করছে। অথচ কয়েক বছর ধরে মুদ্রানীতির সরাসরি কোনো প্রভাবই আমরা বাজারে দেখতে পাইনি। তা সত্ত্বেও মুদ্রানীতির জুজুর ভয়ে বিনিয়োগকারীদের অনেকে আক্রান্ত।’ এ ধরনের প্রোপাগান্ডা ও ভীতি অমূলক বলেই মনে করেন মার্চেন্ট ব্যাংকারদের এই নেতা।

এদিকে গতকালের বাজারে লেনদেনের আধিপত্যে ফিরেছে ব্যাংক খাত। যদিও বেশ কিছুদিন ধরে প্রকৌশল ও বস্ত্র খাত লেনদেনে আধিপত্য বিরাজ করে আসছিল। সেটি গতকাল দখলে নিয়েছে ব্যাংক খাত। ঢাকার বাজারে গতকাল মোট লেনদেনের প্রায় ১৮ শতাংশই ছিল ব্যাংক খাতের। ডিএসইতে এ খাতের লেনদেন হওয়া ৩০ ব্যাংকের মধ্যে ২১টিরই দাম বেড়েছে, কমেছে ৬টির আর অপরিবর্তিত ছিল ৩টির দাম।

ডিএসইতে গতকাল দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ৬৩১ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১৫৩ কোটি টাকা বা ৩২ শতাংশ বেশি। চট্টগ্রামের বাজারে গতকাল দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ৩৮ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১৩ কোটি টাকা বেশি।

খাতভিত্তিক লেনদেনে শীর্ষে থাকলেও ঢাকার বাজারে গতকাল লেনদেনের শীর্ষে ছিল প্রকৌশল খাতের কোম্পানি ইফাদ অটোস। এদিন এককভাবে ডিএসইতে কোম্পানিটির প্রায় ৩৪ কোটি টাকার শেয়ারের হাতবদল হয়। দরবৃদ্ধিতে এদিন ডিএসইতে শীর্ষে ছিল চট্টগ্রামভিত্তিক প্রতিষ্ঠান দ্য পেনিনসুলা। গতকাল কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ১ টাকা ৯০ পয়সা বা প্রায় সাড়ে ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩১ টাকা ৫০ পয়সায়।