শেয়ারবাজার পরিস্থিতি নিয়ে ডিএসইতে বৈঠক
ব্যাংকের বিনিয়োগ সমন্বয়ের সময় বাড়ানোর প্রস্তাব
পুঁজিবাজারে ব্যাংকের মাত্রাতিরিক্ত বিনিয়োগ ও একক গ্রাহক ঋণসীমা সমন্বয়ের সময় আরও দুই বছর বাড়ানোর পক্ষে মত দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান ব্রোকারেজ প্রতিষ্ঠানগুলো। গতকাল সোমবার ডিএসইর পরিচালনা পর্ষদের সঙ্গে সভায় এ মত দেওয়া হয়।
অবশ্য স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক বা ডিমিউচুয়ালাইজেশনের পর ব্রোকারেজ প্রতিষ্ঠানগুলোকে ট্রেক (ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট) হোল্ডার বলা হয়।
সার্বিক বাজার পরিস্থিতি নিয়ে ডিএসইর পর্ষদ গতকাল শীর্ষ ৫০ ব্রোকারেজ বা ট্রেকহোল্ডার প্রতিষ্ঠানের সঙ্গে এ বৈঠকের আয়োজন করেছিল। এ ছাড়া বৈঠকে ডিএসইর কয়েকজন সাবেক নেতাও উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ২০১৬ সালের মধ্যে ব্যাংকের বিনিয়োগ ও একক গ্রাহক ঋণসীমা সমন্বয় করতে হবে। বৈঠক সূত্রে জানা গেছে, বাজারের বর্তমান পরিস্থিতিতে ব্রোকারেজ প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে এ সময়সীমা আরও দুই বছর বাড়িয়ে ২০১৮ সাল পর্যন্ত নির্ধারণ করার পক্ষে মত দেওয়া হয়।
এ ছাড়া শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য পুনঃ ক্রয় বা বাই ব্যাক আইন ও শেয়ারবাজারের জন্য বিশেষ পুনরুদ্ধার বা বেইল আউট তহবিল গঠনেরও সুপারিশ উঠে আসে এ বৈঠকে। বিশ্বের বিভিন্ন দেশে পুঁজিবাজারে ধস নামার পর সেটি মোকাবিলায় পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জন্য এ ধরনের তহবিল গঠনের নজির আছে বলে বৈঠকে আলোচনা হয়। বাংলাদেশের পুঁজিবাজারের জন্য এ ধরনের একটি তহবিল গঠনের জন্য সরকারের কাছে দাবি জানানোর কথা বলেন ব্রোকারেজ প্রতিষ্ঠানের মালিক ও কর্মকর্তারা।
জানতে চাইলে ডিএসইর একজন কর্মকর্তা বলেন, আলোচনায় যেসব সুপারিশ উঠে এসেছে তার মধ্যে ডিএসইর পক্ষ থেকে করণীয় কিছু সুপারিশ রয়েছে। এ ছাড়া বেশির ভাগ সুপারিশ বাস্তবায়ন করতে হলে নিয়ন্ত্রক সংস্থা ও সরকারের সিদ্ধান্ত প্রয়োজন রয়েছে। তাই এসব সুপারিশ ডিএসইর পক্ষ থেকে যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষই এসব সুপারিশের বিষয়ে সিদ্ধান্ত নেবে।
জানা গেছে, শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে ব্যাংক, বিমা, তালিকাভুক্ত কোম্পানি, মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ প্রতিষ্ঠান সংশ্লিষ্ট বিভিন্ন অ্যাসোসিয়েশনের একটি সমন্বিত বৈঠক অনুষ্ঠানের বিষয়ে গতকাল সিদ্ধান্ত হয়। আগামী সোমবার ডিএসইতে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।