ব্যাংকের বিনিয়োগসীমা সমন্বয়ে আরও দুই বছর
ব্যাংকগুলোর শেয়ারবাজারে বিনিয়োগের সীমা সমন্বয় করার সময় শেষ আগামী বছরের ২১ জুন। এ সময় আরও দুই বছর বৃদ্ধির প্রস্তাব করছে অর্থ মন্ত্রণালয়।
গতকাল রোববার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নিজেই এ কথা সাংবাদিকদের জানান। শেরেবাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) কার্যালয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
২০১৩ সালের ব্যাংক কোম্পানি আইন সংশোধন করা হয়। সেখানে বলা হয়, প্রতিটি ব্যাংক তার পরিশোধিত মূলধনের ২৫ শতাংশের বেশি শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারবে না। তাই এ বিনিয়োগের সীমা ২৫ শতাংশে নামিয়ে আনার জন্য তিন বছর সময় দেওয়া হয়। ২০১৬ সালের জুন মাসে এ সময় শেষ হচ্ছে।
অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘যেসব ব্যাংকের শেয়ারবাজারে বিনিয়োগের সীমা বেশি, তারা এ সময়ের মধ্যে তা কমিয়ে আনতে পারছে না। তাই এর প্রভাব শেয়ারবাজারে পড়ছে। আরও দুই বছর সময় বাড়িয়ে দেওয়ার প্রস্তাব করব। মন্ত্রিপরিষদ সভায় এ প্রস্তাবটি চূড়ান্ত করবে।’ তিনি আরও বলেন, আইনের বাধ্যবাধকতার কারণে শেয়ারবাজারে প্রভাব পড়ছে। তাই আইনটি সংশোধন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
গতকাল অর্থমন্ত্রীর সঙ্গে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) মনোনীত প্রেসিডেন্ট জিন লিকুন, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট ওয়েনকাই ঝাং ও জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল হাওলিয়াং জু সাক্ষাৎ করেন।
শেয়ারবাজারের উন্নয়নে এডিবি আরও সহায়তা দেবে বলে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান।
এআইআইবির প্রেসিডেন্টের সঙ্গে সভা সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, এআইআইবির প্রেসিডেন্টের কাছে বাংলাদেশ যে বড় বড় প্রকল্প নিচ্ছে, তা জানানো হয়েছে। ভবিষ্যতে এ ব্যাংকটি যাতে এ ধরনের বড় প্রকল্পে অর্থ দিতে পারে, সে জন্য তাঁর কাছে বড় প্রকল্পের একটি তালিকাও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আগামী জানুয়ারি মাসে এআইআইবির প্রথম বোর্ডসভা অনুষ্ঠিত হবে। এরপরই অর্থায়নের বিষয়টি আসবে। এর আগে নয়।
অর্থমন্ত্রী বলেন, ‘জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল আমাকে বলেন, আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশের স্ট্যাটাস বদলে মধ্যম আয়ের দেশে পরিণত হবে। তখন নমনীয় সহায়তা পাওয়া যাবে না। স্ট্যাটাস পরিবর্তনের জন্য ২০১৮ সালে জাতিসংঘে বসবে। তবে এর আগ পর্যন্ত নমনীয় সহায়তা পাওয়া যাবে।’
উল্লেখ্য, অর্থমন্ত্রী বললেও মধ্যম আয়ের দেশ হওয়া নিয়ে জাতিসংঘের কোনো ভূমিকা নেই। এ জন্য জাতিসংঘের স্বীকৃতিরও দরকার নেই। স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে উত্তরণেই কেবল জাতিসংঘের স্বীকৃতি লাগে। বাংলাদেশ এলডিসি থেকে বের হলে তবেই নমনীয় হারে সহায়তা না পাওয়ার প্রশ্নটি আসবে।