দেশের ব্যাংকগুলোকে শেয়ারবাজারে বিনিয়োগের জন্য ২০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের সুযোগ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এই তহবিলের অর্থ ব্যাংকগুলোর শেয়ারবাজারে বিনিয়োগসীমার বাইরে রাখা হয়েছিল। এ জন্য কোন খাতের শেয়ারে তহবিলের অর্থ বিনিয়োগ করা যাবে, তা নির্দিষ্ট করে দেওয়া হয়। ব্যাংক কোম্পানি আইনের ধারা শিথিল করে এ সুযোগ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।
তবে নির্দেশনার ব্যত্যয় ঘটিয়ে তহবিলের অর্থ বিভিন্ন শেয়ারে বিনিয়োগ করেছে বিভিন্ন ব্যাংক। বিশেষত নতুন তালিকাভুক্ত কোম্পানিতে। এ কারণে এই তহবিল ব্যবহারে তদারকি বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। আগে এই তহবিল ব্যবহারের বিষয়ে ব্যাংকগুলো তিন মাস পরপর বাংলাদেশ ব্যাংকে প্রতিবেদন জমা দিত। এখন সেই সময়সীমা কমিয়ে প্রতি মাসে করা হয়েছে। অর্থাৎ এখন থেকে মাস শেষে তহবিলের অর্থ কোথায় কোথায় বিনিয়োগ করা হয়েছে, তা বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে।
কেন্দ্রীয় ব্যাংকের এ–সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রতি মাস শেষে পরবর্তী মাসের ৫ তারিখের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংক হিসাব ও বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবসমূহের বিবরণীসহ তথ্য দাখিল করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ঋণদানকারী ব্যাংককে ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের কাছ থেকে প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করে তা সমন্বিত আকারে ছকে সংযোজন করতে হবে।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, এই তহবিলের অর্থ যেসব শেয়ারে বিনিয়োগের সুযোগ ছিল না, ব্যাংকগুলো সেসব শেয়ারেও বিনিয়োগ করেছে। প্রতিবেদন জমা দেওয়ার আগে ওই শেয়ার বিক্রি করে দিয়েছে।