ব্যাংকের মাধ্যমে লভ্যাংশ পাবেন না ঋণগ্রস্ত বিনিয়োগকারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারের ঋণগ্রস্ত বিও (বেনিফিশারি ওনার্স) হিসাবধারীরা এখন থেকে ব্যাংক হিসাবের মাধ্যমে নিজেরা সরাসরি কোনো লভ্যাংশ সুবিধা পাবেন না।
প্রাপ্ত লভ্যাংশ তাঁদের বিও হিসাবের সঙ্গে সমন্বয় করা হবে। অর্থাৎ লভ্যাংশ সুবিধা ব্যাংক হিসাবের পরিবর্তে বিও হিসাবের মাধ্যমে সমন্বয় হবে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গতকাল মঙ্গলবার এক সভায় এ সিদ্ধান্ত নিয়েছে। সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিএসইসি জানিয়েছে, ঋণগ্রস্ত বিনিয়োগকারীর নিষ্ক্রিয় বিও হিসাবগুলোকে সক্রিয় করে তুলতেই এ উদ্যোগ। আগে মার্চেন্ট ব্যাংকে ঋণগ্রস্ত বিও হিসাবগুলোর বেলায় এ বিধানটি চালু করা হয়েছিল। এখন ব্রোকারেজ হাউস বা লেনদেনের সনদধারী প্রতিষ্ঠান-ট্রেক হোল্ডারদের ঋণগ্রস্ত বিও হিসাবের ক্ষেত্রেও এটি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিএসইসি সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১০ সালে শেয়ারবাজার ধসের পর ঋণগ্রস্ত বিনিয়োগকারীদের অনেক বিও হিসাবই ‘ঋণাত্মক মূলধনি’ হিসাবে পরিণত হয়। অর্থাৎ দরপতনের কারণে বিও হিসাবে থাকা শেয়ারের বাজারমূল্য ওই বিনিয়োগকারীর নিজস্ব বিনিয়োগ করা মূলধনের চেয়েও নিচে নেমে গেছে। এ অবস্থায় ওই সব বিও হিসাবের শেয়ার বিক্রি করে ঋণদাতা প্রতিষ্ঠানের পক্ষে ঋণের অর্থ আদায় করা সম্ভব নয়।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বাজার ধসের পর থেকে এ রকম হিসাবধারী অনেক বিনিয়োগকারী ঋণদাতা প্রতিষ্ঠানের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। এতে তাঁদের বিও হিসাবগুলো নিষ্ক্রিয় রয়েছে। তবে বিও হিসাবে থাকা বিভিন্ন কোম্পানির শেয়ার বা মিউচুয়াল ফান্ডের বিপরীতে যে লভ্যাংশ দেওয়া হচ্ছে, তার সুবিধা বিনিয়োগকারীরা সরাসরি ব্যাংক হিসাবের মাধ্যমে পাচ্ছেন। তা সত্ত্বেও তাঁরা বিও হিসাব সক্রিয় রাখা বা ঋণ পরিশোধে কোনো উদ্যোগই নিচ্ছেন না। এ অবস্থায় লভ্যাংশ সুবিধা সরাসরি বিনিয়োগকারীর ব্যাংক হিসাবে পাঠানোর পরিবর্তে বিও হিসাবের সঙ্গে সমন্বয় করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। দীর্ঘদিন ধরে ঋণদাতা প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রক সংস্থার কাছে এ দাবি জানিয়ে আসছিল।
নতুন আইপিও অনুমোদন: বিএসইসির গতকালের সভায় বিমা খাতের বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির (বিএনআইসি) প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও অনুমোদন করা হয়েছে। কোম্পানিটি আইপিওতে ১ কোটি ৭৭ লাখ শেয়ার ছেড়ে বাজার থেকে ১৭ কোটি ৭০ লাখ টাকা সংগ্রহ করবে। আইপিওতে প্রতিটি শেয়ার বিক্রি হবে ১০ টাকা অভিহিত মূল্য বা ফেসভ্যালুতে।
বিএসইসি জানিয়েছে, বাজার থেকে সংগৃহীত টাকা কোম্পানিটি স্থায়ী আমানত বা এফডিআর ও বন্ডে বিনিয়োগ করবে। অর্থাৎ সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা নিয়ে তা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে স্থায়ী আমানত ও বন্ডে খাটাবে। কোম্পানিটি আইপিও আবেদনের সঙ্গে ২০১৪ সালের জুলাইয়ে সমাপ্ত আর্থিক বছরের যে প্রতিবেদন জমা দিয়েছে, তাতে শেয়ারপ্রতি আয় বা ইপিএস দেখানো হয়েছে ১ টাকা ৭ পয়সা। কোম্পানিটির শেয়ারের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে প্রাইম ফিন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট।
বাজার পরিস্থিতি: এদিকে দেশের দুই স্টক এক্সচেঞ্জে টানা পাঁচ কার্যদিবস সূচক ও লেনদেন বৃদ্ধির পর গতকাল দুটোই কমেছে। এর মধ্যে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট কমে প্রায় ৪ হাজার ৩২৭ পয়েন্টে নেমে এসেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ৭৭ পয়েন্ট কমে হয়েছে ১৩ হাজার ৩৪৩ পয়েন্ট।
ঢাকার বাজারে এদিন ৩০৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। দিন শেষে ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল ৫৫৪ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৪৩ কোটি টাকা কম।
চট্টগ্রামের বাজারে গতকাল ২৪৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় ৪৪ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৭ কোটি টাকা কম।