ব্যাংকের শেয়ারে তেজি সূচক

দুই দিনের ধীরগতির পর আবারও তেজিভাব শেয়ারবাজারের সূচক ও লেনদেনে। সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রোববার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৯ পয়েন্ট বা সোয়া ১ শতাংশ বেড়ে সর্বোচ্চ অবস্থানে উঠেছে।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স গতকাল দিন শেষে বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬০৩ পয়েন্টে। ২০১৩ সালের ২৭ জানুয়ারি চালু হওয়ার পর এটিই এই সূচকের সর্বোচ্চ অবস্থান। গত বুধ ও বৃহস্পতিবার সূচকের কিছুটা ধীরগতি ছিল।
ডিএসইর তথ্য অনুযায়ী, গতকালের বাজারে সূচক বৃদ্ধিতে বড় মূলধনের কোম্পানিগুলোর আধিপত্য ছিল। এর প্রতিফলন পাওয়া যায় বাছাই করা ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচকেও। বাছাই করা ভালো কোম্পানির সমন্বয়ে গঠিত এই সূচক গতকাল প্রথমবারের মতো ২ হাজার পয়েন্টের মাইলফলক অতিক্রম করেছে। এদিন ডিএস-৩০ সূচকটি ২৮ পয়েন্ট বা প্রায় দেড় শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১১ পয়েন্টে। ২০১৩ সালের ২৭ জানুয়ারি চালু হওয়ার পর এটিই ডিএস-৩০ সূচকের সর্বোচ্চ অবস্থান।
মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের প্রতিবেদনে বলা হয়েছে, গতকালের বাজারে দাম বাড়ায় শীর্ষে ছিল ব্যাংক খাত। এ খাতের কোম্পানিগুলোর শেয়ারের দাম গড়ে প্রায় ৪ শতাংশ করে বেড়েছে। ডিএসইতে তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে ১টি বাদে বাকি ২৯টিরই দাম বেড়েছে। ডিএসইর লেনদেনেও ছিল এই খাতের আধিপত্য। ঢাকার বাজারের মোট লেনদেনের প্রায় সাড়ে ১৪ শতাংশই ছিল ব্যাংক খাতের দখলে।
ঢাকার বাজারে গতকাল দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৬৬৮ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ২৫৯ কোটি টাকা কম। লেনদেনে এদিন ঢাকার বাজারে লেনদেনের শীর্ষে ছিল বারাকা পাওয়ার। গতকাল ডিএসইতে এককভাবে কোম্পানিটির লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৬৫ কোটি টাকা।
ডিএসইর দাম বাড়ার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৭টিই ছিল ব্যাংক ও আর্থিক খাতের। দাম বাড়ার শীর্ষে ছিল মোজাফফর হোসেন স্পিনিং মিলস। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ২ টাকা ৪০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৬ টাকা ৪০ পয়সায়। গত এক মাসে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ৮ টাকা ৪০ পয়সা বা প্রায় ৪৭ শতাংশ বেড়েছে।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি এদিন ৩৫০ পয়েন্ট বা প্রায় ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৫২ পয়েন্টে। সেখানকার বাজারে দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ১০০ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১৬ কোটি টাকা বেশি।