ব্যাপক দরপতনে চীনা শেয়ারবাজারে লেনদেন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনা শেয়ারবাজারে গতকাল সোমবার ব্যাপক দরপতন হয়েছে। যে কারণে দেশটির শেয়ারবাজারের লেনদেন বন্ধ করা হয়েছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে বিশ্বের বিভিন্ন দেশের শেয়ারবাজারে।
অন্যদিকে সৌদি আরব গতকাল ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেওয়ায় ও মধ্যপ্রাচ্যে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি৩৮ ডলারে উঠেছে। সেই সঙ্গে সোনার দামও বেড়ে আউন্সপ্রতি ১ হাজার ৭০ ডলার ২০ সেন্ট হয়েছে।
গতকাল চীনের শেয়ারবাজারের প্রধান সূচকটি ৭ শতাংশ কমেছে। এর প্রভাবে ইউরোপ তথা বিশ্বের বড় বড় শেয়ারবাজারের সূচকগুলোও পড়ে গেছে। এর মধ্যে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক এফটিএসই ১০০ সূচক ২ দশমিক ৪ শতাংশ এবং জার্মানির ড্যাক্স সূচক ৪ দশমিক ৩ শতাংশ এবং এশিয়ায় জাপানের নিক্কেই ২২৫ সূচক ৩ দশমিক ১ শতাংশ ও হংকংয়ের হেং সেং সূচক ২ দশমিক ৬ শতাংশ কমেছে।
সোমবার সকালের দিকে চীনের সাংহাই ও শেনজেন স্টক এক্সচেঞ্জের শেয়ারের দর ব্যাপকহারে পড়তে থাকায় একপর্যায়ে লেনদেন স্থগিত করা হয়। অর্থনীতিতে নানা সমস্যার কারণে এমন হয়েছে। দেশটিতে পারচেজিং ম্যানেজারস ইনডেক্স বা ক্রয়ক্ষমতার সূচক (পিএমআই) কমেছে এবং এটি ৪৮ দশমিক ২ পয়েন্টে নেমে গেছে।
সূত্র: বিবিসি ও সিএনবিসি।