ব্রোকারেজ হাউসের নতুন মাশুল নির্ধারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শুধু শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেনের ক্ষেত্রে ব্রোকারেজ হাউসের ওপর থেকে হাওলা মাশুল প্রত্যাহার করা হয়েছে। তার বিপরীতে এক পয়সা লাগা চার্জ বা মাশুল বাড়ানো হয়েছে। গতকাল বুধবার ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ডিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে নতুন এ সিদ্ধান্ত কার্যকর হবে।
এ সিদ্ধান্তের ফলে শেয়ার লেনদেনের ক্ষেত্রে বিনিয়োগকারীরা যে কমিশন বা মাশুল দিতেন তাতে কোনো পরিবর্তন হবে না। তবে লট বা শেয়ারের গুচ্ছ প্রথা উঠে যাওয়ার পর কোনো ব্রোকারেজ হাউস যদি হাওলা মাশুল বাবদ কোনো বিনিয়োগকারীর কাছ থেকে অতিরিক্ত অর্থ দাবি করে থাকে, সেটি আর করতে পারবে না।
ডিএসই জানিয়েছে, প্রতি লট বা একগুচ্ছ শেয়ার লেনদেনের জন্য আগে ব্রোকারেজ হাউস থেকে হাওলা বাবদ চার টাকা (ক্রয় বাবদ দুই টাকা ও বিক্রয় বাবদ দুই টাকা) মাশুল নিত স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। প্রতিটি ক্রয় বা বিক্রয় আদেশকে একটি হাওলা হিসেবে বিবেচনায় ধরে এ মাশুল আদায় করা হতো। সম্প্রতি নতুন লেনদেন যন্ত্র চালুর পর শেয়ারের গুচ্ছ প্রথা তুলে নেওয়ার ফলে হাওলা সংখ্যা বেড়ে যায়। এতে হাওলা মাশুলের বিষয়টি নিয়ে শঙ্কা তৈরি হয়। তারই পরিপেক্ষিতে ডিএসই ওই মাশুল প্রত্যাহার করে নিয়েছে।
হাওলা মাশুল প্রত্যাহার করা হলেও লাগা মাশুল এক পয়সা বাড়ানো হয়েছে। আগে ব্রোকারেজ হাউসগুলোকে লাগা মাশুল বাবদ প্রতি ১০০ টাকার জন্য দুই পয়সা স্টক এক্সচেঞ্জকে দিতে হতো। এখন থেকে এ বাবদ তিন পয়সা দিতে হবে। টাকার অঙ্কে একেকটি ব্রোকারেজ হাউসে যে লেনদেন হয়, তার ভিত্তিতে যে মাশুল দিতে হয়, সেটিকে লাগা চার্জ বা মাশুল হিসেবে বিবেচনা করা হয়।
দেশের প্রধান এ শেয়ারবাজারে বন্ড লেনদেনের ক্ষেত্রে ৫০ টাকা মাশুল নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ যে ব্রোকারেজ হাউসে বন্ড লেনদেন হবে, ওই ব্রোকারেজ হাউস থেকে এ মাশুল আদায় করবে স্টক এক্সচেঞ্জ।