ব্রোকারেজ হাউসের শাখা খোলার নিষেধাজ্ঞা প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে নয় বছর পর প্রত্যাহার করা হলো শেয়ারবাজারের ব্রোকারেজ হাউসের শাখা খোলার নিষেধাজ্ঞা। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আজ বুধবার এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে আজ বিএসইসির পক্ষ থেকে এ–সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।

জানতে চাইলে বিএসইসির মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম শাখা খোলার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সত্যতা প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

এমন এক সময়ে বিএসইসি এই নিষেধাজ্ঞা তুলে নিল, যখন শেয়ারবাজারে চাঙাভাব দেখা যাচ্ছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছাড়িয়েছে হাজার কোটি টাকা।

আরও পড়ুন

বাজার মূলধন পৌঁছেছে সাড়ে চার লাখ কোটি টাকার রেকর্ড উচ্চতায়।
এর আগে ২০১০ সালে শেয়ারবাজারে ধস নামলে ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে বিএসইসি দেশের দুই স্টক এক্সচেঞ্জের সদস্যভুক্ত ব্রোকারেজ হাউসের শাখা খোলার কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

সম্প্রতি বিএসইসি দেশের ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে বিদেশেও ব্রোকারেজ হাউসের ডিজিটাল বুথ খোলার নীতিমালা চালু করে। এরপরই ব্রোকারেজ হাউসের শাখা খোলার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় আজ।