ব্র্যাক ব্যাংকের মুনাফা বেড়েছে ৭৫ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেলিম আর এফ হোসেন ব্যবস্থাপনা পরিচালক, ব্র্যাক ব্যাংক
সেলিম আর এফ হোসেন ব্যবস্থাপনা পরিচালক, ব্র্যাক ব্যাংক

শেয়ারবাজারে তালিকাভুক্ত বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংকের মুনাফা চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) ৭৫ শতাংশ বেড়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় মুনাফায় এ প্রবৃদ্ধি হয়েছে ব্যাংকটির। পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনায় পরিবর্তন আসায় এ প্রবৃদ্ধি হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন। তবে এ সময়ে ব্যাংকটির সহযোগী প্রতিষ্ঠান ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লোকসান করেছে ৫ কোটি ১৩ লাখ টাকা।
ব্র্যাক ব্যাংকের জানুয়ারি-জুন সময়ের আর্থিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন সেলিম আর এফ হোসেন। ব্যাংকটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আর্থিক অবস্থার বিস্তারিত তুলে ধরেন প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) পারভেজ সাজ্জাদ।
অনুষ্ঠানে জানানো হয়, ২০১৬ সালের জানুয়ারি-জুন সময়ে কর-পরবর্তী মুনাফা হয়েছে ১৭৪ কোটি টাকা। আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১০০ কোটি টাকা। জুন শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩১ টাকা ৩৯ পয়সা। আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২৬ টাকা ৪৭ পয়সা। চলতি বছরের প্রথম ছয় মাসে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৫২ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৪৪ পয়সা।
সেলিম আর এফ হোসেন বলেন, আমরা বড় গ্রাহক থেকে ধীরে ধীরে এসএমই গ্রাহকদের দিকে যাচ্ছি। ২০১৫ সালের প্রথম ছয় মাসে করপোরেট ঋণ ছিল ৫০ শতাংশ, চলতি বছরে তা কমে এসেছে ৪৪ শতাংশে। আর এসএমই ঋণ ৩৪ শতাংশ থেকে বেড়ে ৩৫ শতাংশ হয়েছে।
ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান বিকাশের বিষয়ে তিনি বলেন, বিকাশের প্রবৃদ্ধি ও আয় দুটোই বাড়ছে। তবে বিকাশ এখন অন্তর্ভুক্তিমূলক কাজের দিকে বেশি ঝুঁকছে। টেকসই অর্থনীতির জন্য নতুন নতুন সেবা দেবে বিকাশ।
ব্র্যাক ইপিএল সম্পর্কে সেলিম আর এফ হোসেন বলেন, ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট চলতি বছরের প্রথম ছয় মাসে ৫ কোটি ১৩ লাখ টাকা লোকসান করেছে। সঞ্চিতি সংরক্ষণ করতে গিয়ে লোকসান করেছে প্রতিষ্ঠানটি।