ব্লক মার্কেটে শত কোটি টাকার লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটেই গতকাল দিন শেষে লেনদেন ছাড়িয়েছে শত কোটি টাকা। এদিন ডিএসইর ব্লক মার্কেটে ২১ কোম্পানির প্রায় ১০৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ব্র্যাক ব্যাংক, বার্জার পেইন্টস ও স্কয়ার ফার্মার যথাক্রমে ২৪, ২০ ও ১৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

সাধারণ বাজারের চেয়ে ব্লক মার্কেটের মধ্যে তফাৎ হলো, ব্লক মার্কেটে ক্রেতা, বিক্রেতা আগে থেকেই ঠিক করা থাকে। এমনকি শেয়ারের দামও আগে থেকে ঠিক করা থাকে। 

এদিকে শেয়ারবাজারে লেনদেনে বস্ত্র খাতের প্রাধান্য বাড়ছে। ডিএসইতে গতকাল সোমবার লেনদেনের শীর্ষ পাঁচ কোম্পানির মধ্যে তিনটিই ছিল বস্ত্র খাতের। এর মধ্যে লেনদেনের প্রথম ও দ্বিতীয় স্থানে ছিল যথাক্রমে রিজেন্ট টেক্সটাইল ও নুরানি ডায়িং অ্যান্ড সোয়েটার। দিন শেষে গতকাল শেয়ারবাজারে লেনদেন ও সূচক ছিল ঊর্ধ্বমুখী।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স গতকাল লেনদেন শেষে ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৭৯ পয়েন্টে। দিন শেষে লেনদেন আবারও ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি গতকাল দিন শেষে ৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৯৬৮ পয়েন্টে। সেখানকার বাজারে গতকাল লেনদেন ছাড়িয়েছে অর্ধশত কোটি টাকা।

ডিএসইতে সোমবার লেনদেনের শীর্ষে থাকা রিজেন্ট টেক্সটাইলের ২০ কোটি টাকারও বেশি শেয়ার লেনদেন হয়। দিন শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ১ টাকা ১০ পয়সা বা প্রায় ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৯ টাকায়। বেশ কিছুদিন ধরে লেনদেনে ভালো অবস্থানে রয়েছে এ কোম্পানিটি।

ঢাকার বাজারে গতকাল লেনদেনের দ্বিতীয় অবস্থানে থাকা নুরানি ডায়িংয়ের প্রতিটি শেয়ারের দাম ৯০ পয়সা বা সোয়া ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২২ টাকা ১০ পয়সায়। চলতি মাসের প্রথম দিন থেকে শেয়ারবাজারে লেনদেন শুরু হওয়া এ কোম্পানিটির শেয়ারের দাম গত কার্যদিবস ধরে ঊর্ধ্বমুখী রয়েছে। এ চার কার্যদিবসে প্রতিটি শেয়ারের দাম ৩ টাকা ২০ পয়সা বেড়েছে। গতকাল দিন শেষে ডিএসইতে কোম্পানিটির প্রায় ১৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের গতকালের বাজার প্রতিবেদনে বলা হয়েছে, লেনদেনের শেষ ঘণ্টার শেয়ার কেনার চাপ ছিল বেশি। এতে সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে। ডিএসইর মোট লেনদেনের ২০ শতাংশই ছিল বস্ত্র খাতের কোম্পানির দখলে।

ঢাকার বাজারে গতকাল দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ৫৪১ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৬৮ কোটি টাকা বেশি। চট্টগ্রামের বাজারে এদিন লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৫১ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে দ্বিগুণ।