বড় দরপতন শেয়ারবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের বড় পতনে লেনদেন চলছে শেয়ারবাজারে। আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস দুপুর ১২টা নাগাদ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৭৫ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ৬ হাজার ৭৯২ পয়েন্টে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক পতনে লেনদেন চলছে। সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ২৮৪ পয়েন্ট।

ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ শেয়ারের দরপতন হয়েছে। এ সময় পর্যন্ত ডিএসইতে ৪০৭ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ২৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।

দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো লিমিটেড, ওয়ান ব্যাংক লিমিটেড, ফরচুন শুজ, সোনালি পেপার, অ্যাকটিভ ফাইন, এশিয়া ইনস্যুরেন্স, বিএটিবিসি, জেনেক্স ইনফয়েস লিমিটেড, পিপল ইনস্যুরেন্স ও সেনা কল্যাণ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড।

গত কার্যদিবস লেনদেন শেষে ডিএসইতে ডিএসইএক্স সূচক ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৬ হাজার ৮৬৮ পয়েন্টে।