বড় মূলধনি কোম্পানির মূল্য বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে গতকাল মঙ্গলবার লেনদেন বেড়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন লেনদেন বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪৪৮ কোটি টাকা। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৯ কোটি টাকা। তবে দুই বাজারে গতকাল সূচকের বড় ধরনের কোনো পরিবর্তন হয়নি।

ঢাকার বাজারের প্রধান সূচক ডিএসইএক্স মঙ্গলবার দিন শেষে ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৫০ পয়েন্টে। টানা পাঁচ কার্যদিবস সূচক কমার পর গতকাল ডিএসইএক্স ১ পয়েন্ট বেড়েছে। সিএসইর সার্বিক সূচকটি এদিন ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭ পয়েন্টে।

মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বাজারে বড় মূলধনি কোম্পানির শেয়ারের মূল্যবৃদ্ধি ঘটেছে। যার কারণে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দরপতন সত্ত্বেও সূচক সামান্য বেড়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, ঢাকার বাজারে গতকাল লেনদেনের দিক থেকে দ্বিতীয় অবস্থানে ছিল গ্রামীণফোন। শেয়ারবাজারে তালিকাভুক্ত একমাত্র মুঠোফোন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম এদিন সাড়ে ৩ শতাংশ বা ৯ টাকা ৩০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ২৮০ টাকায়। এদিন ডিএসইতে এককভাবে কোম্পানিটির প্রায় ২১ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। লেনদেনের দিক থেকে গতকাল ডিএসইতে শীর্ষ অবস্থানে ছিল বেক্সিমকো ফার্মা। এককভাবে এদিন কোম্পানিটির প্রায় ২৬ কোটি ৪৬ লাখ টাকার সমমূল্যের শেয়ার লেনদেন হয়। তবে দিন শেষে বেক্সিমকো ফার্মার প্রতিটি শেয়ারের দাম ৭০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৮৭ টাকা ৩০ পয়সায়।

ঢাকার বাজারে গতকাল ৩২৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৪৬টির দাম কমেছে, বেড়েছে ১১৫টির আর অপরিবর্তিত ছিল ৬৪টির দাম। দিন শেষে ডিএসইতে লেনদেন আগের দিনের চেয়ে ৫৩ কোটি টাকা বেড়েছে।