‘পুঁজিবাজারের মাধ্যমে বিদ্যুৎ খাতে অর্থায়ন’ শীর্ষক আলোচনা
ভালো কোম্পানি আনতে ব্যর্থ স্টক এক্সচেঞ্জ
বিদ্যুৎ খাতের জন্য বছরে ৫ থেকে ১০ হাজার কোটি টাকা পুঁজিবাজার থেকে সংগ্রহ করতে চায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। কীভাবে এ অর্থ পুঁজিবাজার থেকে জোগান দেওয়া হবে, সেই প্রস্তুতি ও পরিকল্পনা স্টক এক্সচেঞ্জগুলোরও থাকতে হবে।
গত রোববার সন্ধ্যায় ‘পুঁজিবাজারের মাধ্যমে বিদ্যুৎ খাতে অর্থায়ন’ শীর্ষক এক আলোচনা সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এসব কথা বলেন। ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে এ আলোচনা সভার আয়োজন করে। এতে বিশেষ অতিথি ছিলেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফিন্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান। ডিবিএর সভাপতি আহসানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় আরও বক্তব্য দেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ, ডিএসইর সাবেক সভাপতি ও সাংসদ কাজী ফিরোজ রশীদ প্রমুখ।
প্রতিমন্ত্রী বলেন, শেয়ারবাজারে ভালো কোম্পানি নেই। ধসের পর বিনিয়োগকারীদের বিশ্বাস ফেরাতে যে ব্র্যান্ডিংয়ের দরকার ছিল, সেটি হয়নি। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে ও বাজারে ভালো কোম্পানি আনার ক্ষেত্রে ভালো মার্কেটিং করতে ব্যর্থ হয়েছে স্টক এক্সচেঞ্জগুলো।
এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সরকারি-বেসরকারি বরাদ্দ মিলিয়ে বছরে বিদ্যুৎ খাতে প্রায় ৩০ হাজার কোটি টাকা খরচ করা হয়। সেই হিসাবে আমি ৩০ হাজার কোটি টাকার একটি কোম্পানির সিইও। ব্যবসা করতে হলে স্টক এক্সচেঞ্জগুলোর উচিত ব্যবসায়িক প্রকল্প হাতে নিয়ে আমার কাছে আসা। কিন্তু তাঁরা সেটি করেন না। উল্টো আমাকে তৈরি হয়ে আপনাদের কাছে যেতে হচ্ছে। স্টক এক্সচেঞ্জের বিপণন (মার্কেটিং) দুর্বলতার জন্য বাজারে ভালো কোম্পানি নেই।’
বিএসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেন তালিকাভুক্ত কোম্পানির মূল্য সংবেদনশীল যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর তাগিদ দেন।
সম্প্রতি বিদ্যুৎ ও জ্বালানি খাতের তালিকাভুক্ত কোম্পানি তিতাস গ্যাসের ট্যারিফ কমানোর সিদ্ধান্ত দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ডিবিএর দাবি, তালিকাভুক্ত কোম্পানি হিসেবে মূল্য সংবেদনশীল এ তথ্যটি বিনিয়োগকারীদের কাছে গোপন করা হয়েছে। অথচ বিইআরসির এই সিদ্ধান্তের ফলে কোম্পানিটির শেয়ারের দাম উল্লেখযোগ্য পরিমাণ কমে যায়। এতে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হন। রোববারের সভায় প্রতিমন্ত্রীর কাছে বিষয়টি তুলে ধরা হয়। জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিনিয়োগকারীদের ক্ষতি পোষাতে বিষয়টির সুষ্ঠু সমাধানের উদ্যোগ নেওয়া হবে।