ভালো মানের কোম্পানি আনতে কাজ করবে ডিএসই
দেশের পুঁজিবাজারে ভালো মানের কোম্পানি তালিকাভুক্তিতে কাজ করবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কতৃর্পক্ষ। আজ বুধবার দুপুরে ডিএসইতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার বালা। সংবাদ সম্মেলনে ডিএসইর গত বছরের কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
স্বপন কুমার বালা বলেন, মানসম্মত কোম্পানি যাতে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়, সে লক্ষ্যে কাজ করবে ডিএসই কতৃর্পক্ষ। এ জন্য ডিএসইর মার্কেটিং টিম কাজ করবে।
স্বপন কুমার বালা বলেন, আমাদের সবচেয়ে বড় অর্জন বিদেশি বিনিয়োগ বৃদ্ধি। ডিএসইতে ২০১৩ সালে বিদেশি বিনিয়োগ হয়েছিল ৩ হাজার ৩৬২ কোটি টাকা, যা ২০১৪ সালে দাঁড়িয়েছে ৬ হাজার ২০৫ কোটি টাকায়। এক বছরের ব্যবধানে ডিএসইতে বিদেশি বিনিয়োগ বেড়েছে ৮৫ শতাংশ।
ডিএসইর ডিমিউচুয়ালাইজেশন ও অটোমেশন ব্যবস্থা চালু ডিএসইর বড় প্রাপ্তি উল্লেখ করে বলেন, ওভার দ্য কাউন্টার বা ওটিসি বাজারের উন্নয়নেকাজ করবে ডিএসই। এ জন্য সেন্ট্রাল ডিপোজিটরি সিস্টেম (সিডিএস) প্রতিষ্ঠা করা হবে, যাতে শেয়ারহোল্ডার পরিবর্তনের তথ্য সার্বক্ষণিক রাখা যায়।
২০১৩ সালের তুলনায় ২০১৪ সালে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৬১ হাজার কোটি টাকা, উল্লেখ করে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক বলেন, জিডিপির অনুপাতে ডিএসইর বাজার মূলধন ২৪ শতাংশ। গত বছর ১৭টি কোম্পানি ডিএসইতে তালিকাভুক্ত হয়ে ১ হাজার ৩১৪ কোটি টাকা উত্তোলন করেছে। এ সময়ে ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স সূচক) বেড়েছে ১৪ শতাংশ। এ ছাড়া শরিয়াহ ইনডেক্স বেড়েছে ২২ শতাংশ ও ডিএসই-৩০ ইনডেক্স বেড়েছে ২৩ শতাংশ। এ ছাড়া সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ১৭ দশমিক ১৭ থেকে ১৭ দশমিক ৭৭ পয়েন্টে উন্নীত হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ডিএসইর প্রধান রেগুলেটরি কর্মকর্তা এ কে জিয়াউল হাসান, মার্কেটিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক সামিউল ইসলাম প্রমুখ।