ভালো শেয়ারের মূল্যবৃদ্ধির বড় প্রভাব বাজার মূলধনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে লেনদেন ও মূল্যবৃদ্ধিতে আধিপত্য এখন ভালো মৌলভিত্তির কোম্পানির শেয়ারের। তাতে বাজারে সূচকেরও বড় ধরনের উত্থান ঘটছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স গতকাল মঙ্গলবার এক দিনে ৬৫ পয়েন্ট বা প্রায় ১ শতাংশ বেড়েছে। তাতে দিন শেষে সূচকটি দাঁড়িয়েছে ৭ হাজার ১৪১ পয়েন্টে।

এ ছাড়া শরিয়াভিত্তিক ডিএসইএস ও ডিএস-৩০ সূচক দুটিও ১ শতাংশ করে বেড়েছে। ফলে এ তিন সূচকই দিন শেষে রেকর্ড উচ্চতায় উঠেছে। রেকর্ড হয়েছে বাজার মূলধনেও। গতকাল এক দিনেই বাজার মূলধন বেড়েছে ৮ হাজার ১১৭ কোটি টাকা। সাম্প্রতিক সময়ে এক দিনে এতটা বাড়েনি।

ভালো মৌলভিত্তি ও বড় মূলধনি কোম্পানির শেয়ারের মূল্যবৃদ্ধির কারণে মাত্র ৫ কার্যদিবসে বাজার মূলধন বেড়েছে ২২ হাজার কোটি টাকার বেশি। গতকাল দিন শেষে ডিএসইর বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৮০ হাজার কোটি টাকায়। গত ৩১ আগস্টও বাজার মূলধন ছিল ৫ লাখ ৫৭ হাজার কোটি টাকায়। বাজারে যে কোম্পানির লেনদেনযোগ্য শেয়ার যত বেশি, বাজার মূলধনে সেই কোম্পানির প্রভাব তত বেশি।
ডিএসইতে গতকাল লেনদেনের শীর্ষ ৫ কোম্পানি ছিল বেক্সিমকো লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, সামিট পাওয়ার, সাইফ পাওয়ারটেক ও লাফার্জহোলসিম বাংলাদেশ।