ভীতি ছড়িয়ে আবারও বড় দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্দা শেয়ারবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রোববার আবারও বড় ধরনের দরপতন ঘটেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮৩ শতাংশেরই দরপতন হয়েছে। আর অপর শেয়ারবাজার চট্টগ্রাম
স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭৯ শতাংশের দাম কমেছে।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স গতকাল এক দিনে ৬৯ পয়েন্ট বা প্রায় দেড় শতাংশ কমেছে। আর সিএসইর সার্বিক সূচকটি কমেছে ২৩৬ পয়েন্ট বা ১ দশমিক ৬৫ শতাংশ। বেশ কিছুদিন ধরে শেয়ারবাজারে মন্দাভাব বিরাজ করছিল। এর মধ্যে গতকালের বড় ধরনের দরপতন বিভিন্ন শ্রেণির বিনিয়োগকারীর মধ্যে ভীতি তৈরি করেছে।
ঢাকার বাজারে গতকাল লেনদেন হওয়া ৩১৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ২৬৩টি বা ৮৩ শতাংশের দাম কমেছে, বেড়েছে মাত্র ২৯টির বা ৯ শতাংশের আর অপরিবর্তিত ছিল ২৫টির বা ৮ শতাংশের দাম।
চট্টগ্রামের বাজারে লেনদেন হওয়া ২৪৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৯২টি বা ৭৯ শতাংশেরই দাম কমেছে, বেড়েছে মাত্র ৩৩টির বা ১৪ শতাংশের আর অপরিবর্তিত ছিল ১৮টির বা ৭ শতাংশের দাম।
বাজার-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এত দিন যেসব বিনিয়োগকারী ভালো শেয়ার ধরে রেখেছিলেন, দরপতনের আতঙ্কে তাঁদের অনেকেই এখন শেয়ার বিক্রি করতে শুরু করেছেন। কেন এমন দরপতন জানতে চাইলে কর্মকর্তারা সুনির্দিষ্ট কোনো কারণ জানাতে পারেননি।
ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকের কর্মকর্তারা জানান, বিদেশি বিনিয়োগকারীরা বহুজাতিক কোম্পানিগুলোর শেয়ার বিক্রি করে দিচ্ছেন। বাজারে এমন এক গুজব রয়েছে। এর ফলে দিনের লেনদেন শুরুর পরপরই ভালো মৌলভিত্তি ও বড় মূলধনি একাধিক কোম্পানির শেয়ারের দরপতন শুরু হয়। এসব শেয়ারের দরপতন ঘটলে তা সূচকের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। আর তখন সাধারণ বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে অন্যান্য কোম্পানির শেয়ারও বিক্রি করতে শুরু করেন।
জানতে চাইলে মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ফিন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, বাজারে গুজব রয়েছে, বিদেশি বিনিয়োগকারীরা তাঁদের হাতে থাকা শেয়ার বিক্রি করে দিচ্ছেন। যদিও বিদেশি বিনিয়োগকারীদের পত্রকোষ বা পোর্টফোলিও নিয়ে কাজ করেন এমন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এর কোনো সত্যতা পাওয়া যায়নি।
ডিএসইর সূচকের উত্থান-পতনে বড় ধরনের প্রভাব ফেলে গ্রামীণফোনের শেয়ারের দাম। শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের একমাত্র এই কোম্পানির প্রতিটি শেয়ারের দাম গতকালও প্রায় ৩ টাকা কমে নেমে এসেছে ২৪১ টাকা ৬০ পয়সায়। গত ছয় মাসে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ১০০ টাকার বেশি কমে গেছে। গত এক মাসে কমেছে প্রায় ৫৯ টাকা।
একই অবস্থা সিমেন্ট খাতের অপর বহুজাতিক কোম্পানি লাফার্জ সুরমার। গতকাল এক দিনে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ৫ টাকা ৮০ পয়সা বা প্রায় সাড়ে ৬ শতাংশ কমে নেমে এসেছে ৮৪ টাকায়। গত ২০ সেপ্টেম্বরও কোম্পানিটির প্রতিটি শেয়ারের বাজারমূল্য ছিল প্রায় ১১১ টাকা। সেখান থেকে এক মাসের ব্যবধানে দাম কমেছে ২৭ টাকা।
সূচক ও শেয়ারের দামের বড় ধরনের দরপতনের পাশাপাশি দুই বাজারে লেনদেনও অনেক কমে গেছে। গতকাল দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩১১ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৯৩ কোটি টাকা কম। চট্টগ্রামের বাজারে এদিন লেনদেন নেমে এসেছে প্রায় ৩০ কোটি টাকায়, যা আগের দিনের চেয়ে সাড়ে পাঁচ কোটি টাকা কম।