মাছ-মুরগির খাবার তৈরির আরেক কোম্পানির আইপিও অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধিমূল্য বা প্রিমিয়াম দিয়ে আমান ফিড নামে শেয়ারবাজারে নতুন আরেকটি কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মুরগি, মাছ, চিংড়ি ও গবাদিপশুর খাবার প্রস্তুতকারী এই কোম্পানিটিকে বিএসইসি শেয়ারপ্রতি ২৬ টাকা প্রিমিয়াম দিয়েছে।
বিএসইসির গতকাল বৃহস্পতিবারের সভায় কোম্পানিটির আইপিওর অনুমোদন দেওয়া হয়।
এমন একসময়ে অধিমূল্য দিয়ে নতুন আরেক কোম্পানির আইপিওর অনুমোদন দেওয়া হয়েছে, যখন বাজারে নতুন তালিকাভুক্ত কোম্পানিগুলোর মান নিয়ে বিনিয়োগকারী ও গবেষকদের মধ্যে ব্যাপক সমালোচনা ও নানা প্রশ্ন রয়েছে। এমনকি সম্প্রতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বাজেট আলোচনায়ও এ নিয়ে প্রশ্ন তোলা হয়।
গত ৫ এপ্রিল অনুষ্ঠিত বাজেটবিষয়ক ওই আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ও ইকোনমিক রিসার্চ গ্রুপের (ইআরজি) নির্বাহী পরিচালক মোহাম্মদ হেলালউদ্দিন বলেন, ‘শেয়ারবাজারে প্রতিবছরই ১০-১৫টি করে কোম্পানি আসছে। এতে বাজারে সরবরাহ বাড়লেও চাহিদা বাড়ছে না। এই বাজারে এখনো লুটপাট হচ্ছে। কিন্তু তা আমাদের চোখে পড়ছে না।’
জানা গেছে, ওই সভায় উঠে আসা শেয়ারবাজারসংক্রান্ত ‘অভিযোগের’ বিষয়টি অর্থমন্ত্রীসহ সরকারি পদস্থ কর্মকর্তারা গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেন।
২০০৫ সালে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রতিষ্ঠিত আমান ফুড উৎপাদন কার্যক্রম শুরু করে ২০০৬ সালে। ২০১২ সালের ফেব্রুয়ারিতে এসে এটি ব্যক্তিমালিকানার কোম্পানি থেকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয় এবং ওই বছরই আইপিওর জন্য আবেদন করে।
বিএসইসি জানিয়েছে, কোম্পানিটি আইপিওতে দুই কোটি শেয়ার ছেড়ে ৭২ কোটি টাকা সংগ্রহ করবে। ১০ টাকা ফেসভ্যালু বা অভিহিত মূল্যের সঙ্গে ২৬ টাকা অধিমূল্য যোগ করে আইপিওতে কোম্পানিটির প্রতিটি শেয়ারের বিক্রয়মূল্য ঠিক করা হয়েছে ৩৬ টাকা। কোম্পানিটির শেয়ারের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্ট।
বিএসইসির তথ্য অনুযায়ী, ২০১৪ সালের জুনে সমাপ্ত আর্থিক বছর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস ৪ টাকা ৯৭ পয়সা। আর শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য ৩০ টাকা ৭৭ পয়সা।
প্রসংগত, চলতি বছরের ১৯ জানুয়ারি ন্যাশনাল ফিড নামের মুরগি, মাছ, গবাদিপশুর খাদ্য উৎপাদন ও বিপণনকারী অপর একটি কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।
অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনায় বাজারে আসা নতুন কোম্পানির আইপিও নিয়ে সমালোচনা ও অনুমোদনের বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান বলেন, ‘অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে আইপিও বিষয়ে সমালোচনার বিষয়ে আমি কিছু জানি না। তাই এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।’ তবে যেকোনো আইপিও অনুমোদনের ক্ষেত্রে কমিশন যথাযথ বিধিবিধান অনুসরণ ও বিভিন্ন প্রেক্ষাপট
বিবেচনা করে থাকে বলে তিনি দাবি করেন।