মালিকানা বদলে দর বৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ফার্মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালিকানা হাতবদল ও নতুন ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণের খবরে গতকাল রোববার শেয়ারবাজারে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওষুধ খাতের কোম্পানি সেন্ট্রাল ফার্মা। শেয়ারবাজারে তালিকাভুক্ত এই কোম্পানির বর্তমান পরিচালকদের শেয়ার কিনে নিচ্ছে আলিফ গ্রুপ নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান।
গত ২২ ফেব্রুয়ারি দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটের মাধ্যমে মালিকানার হাতবদলের এ খবর শেয়ারধারীদের জানানো হয়। সেখানে বলা হয়, কোম্পানির বর্তমান পাঁচ পরিচালকের সব শেয়ার বাজারমূল্যে আলিফ গ্রুপ কিনে নেবে। ব্লক মার্কেটের মাধ্যমে শেয়ারের এই হাতবদল হবে বলে ওই সময় জানানো হয়েছিল।
এ অবস্থায় গতকাল একটি সংবাদপত্রে খবর প্রকাশ করা হয় যে চলতি সপ্তাহে মালিকানা হাতবদলের এই প্রক্রিয়া সম্পন্ন হবে। এই খবরে গতকাল ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে সেন্ট্রাল ফার্মা। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম প্রায় ১০ শতাংশ বা ২ টাকা ৯০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৩২ টাকা ৩০ পয়সা।
এর আগে সেন্ট্রাল ফার্মা জানিয়েছিল, শেয়ারের হাতবদলের পর কোম্পানিটির পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে আলিফ গ্রুপ। এ বিষয়ে গত ২৫ ফেব্রুয়ারি আলিফ গ্রুপের সঙ্গে সমঝোতা চুক্তি সই করে সেন্ট্রাল ফার্মা। শেয়ারের হাতবদল শেষে নতুন করে কোম্পানিটি পরিচালনায় পরিচালক নিয়োগের পাশাপাশি ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেবে আলিফ গ্রুপ।
চলতি সপ্তাহে শেয়ার বিক্রি সম্পন্ন হলে কোম্পানিটির পরিচালনার ক্ষেত্রে নতুন ঘোষণা আসতে পারে। এই প্রত্যাশা থেকে গতকাল সেন্ট্রাল ফার্মার শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়ে যায়। তাতে এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ারের সর্বোচ্চ দর বৃদ্ধি ঘটে। লেনদেনেও ছিল অষ্টম অবস্থানে। রোববার দিন শেষে ডিএসইতে এককভাবে কোম্পানিটির প্রায় সাড়ে ১৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
এর আগে শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সিএমসি কামাল টেক্সটাইলের মালিকানা কিনে নিয়েছিল আলিফ গ্রুপ। বস্ত্র, পোশাক, আবাসন, শিক্ষা, ক্রীড়া, আর্থিক খাতসহ বিভিন্ন ধরনের ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে আজিজুল ইসলামের মালিকানাধীন আলিফ গ্রুপ।
জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে আলিফ গ্রুপের এক কর্মকর্তা বলেন, সেন্ট্রাল ফার্মার পরিচালনা ও ব্যবস্থাপনার বিষয়টি নিয়ে আলোচনা চলমান রয়েছে। এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সবকিছু চূড়ান্ত হলে শিগগিরই এ বিষয়ে ঘোষণা আসবে বলে জানান ওই কর্মকর্তা।
এদিকে, গত কয়েক দিনের দরপতনের ধারাবাহিকতায় গতকাল দিন শেষে দেশের দুই স্টক এক্সচেঞ্জে সূচকের বড় পতন ঘটেছে। তবে ঢাকার বাজারে লেনদেন বাড়লেও প্রায় অপরিবর্তিত ছিল চট্টগ্রামের বাজারে। দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৫৩ পয়েন্ট বা ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৯৩ পয়েন্টে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটিও এদিন প্রায় ১ শতাংশ বা ১৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৩২০ পয়েন্টে।
ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ৪ এপ্রিল ডিএসইর প্রধান সূচকটি ৫ হাজার ৭৭৭ পয়েন্টের সর্বোচ্চ অবস্থানে উঠেছিল। এরপর থেকে সূচক কমতে থাকে। তারই ধারাবাহিকতায় গত আট কার্যদিবসে ডিএসইএক্স ১৮৪ পয়েন্ট কমেছে। গতকাল দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৭২৪ কোটি টাকা, যা আগের কার্যদিবসের চেয়ে ১২৮ কোটি টাকা বেশি।
চট্টগ্রামের বাজারে রোববার দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ৪৭ কোটি টাকা, যা আগের কার্যদিবসের প্রায় সমপরিমাণ।
বাজার পরিস্থিতি সম্পর্কে আইডিএলসি ইনভেস্টমেন্টসের প্রতিবেদনে বলা হয়েছে, বিক্রির চাপ বাজারকে নিম্নমুখী করে রেখেছে। গত ৪৯ কার্যদিবসের মধ্যে গতকাল সর্বোচ্চ সূচকের পতন হয়েছে ডিএসইতে। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, খাদ্য ও আনুষঙ্গিক খাতের লেনদেন হওয়া বেশির ভাগ শেয়ারেরই দরপতন ঘটেছে গতকাল, যা সূচকে নেতিবাচক প্রভাব ফেলে। এদিন ঢাকার বাজারে লেনদেনে আধিপত্য ছিল বস্ত্র খাতের। ডিএসইর মোট লেনদেনের প্রায় সাড়ে ২৪ শতাংশই ছিল এই খাতের।
ঢাকার বাজারে গতকাল দর হ্রাসের শীর্ষে ছিল স্ট্যান্ডার্ড ব্যাংক। এদিন কোম্পানিটির শেয়ারের রেকর্ড তারিখ পরবর্তী লেনদেনের প্রথম দিন ছিল। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম প্রায় সোয়া ১০ শতাংশ বা ১ টাকা ৩০ পয়সা কমে দাঁড়িয়েছে ১১ টাকা ৩০ পয়সায়।