মিথ্যা তথ্যে টাকা তুলছে সিঅ্যান্ডএ টেক্সটাইল
মিথ্যা তথ্য দিয়ে ও আইন লঙ্ঘন করে পুঁজিবাজারের মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করছে বস্ত্র খাতের কোম্পানি সিঅ্যান্ডএ টেক্সটাইল। গতকাল রোববার থেকে কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর টাকা সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
আইপিওর চাঁদা সংগ্রহের জন্য কোম্পানিটি যে বিবরণীপত্র বা প্রসপেক্টাস প্রকাশ করেছে, তাতে পরিচালকদের কাছ থেকে ঋণ গ্রহণ, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও অপর এক পরিচালক সম্পর্কে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। এ ছাড়া আরও বেশ কিছু অসংগতিও রয়েছে।
এ ছাড়া কোম্পানিটির পরিচালনা ও ব্যবস্থাপনার ক্ষেত্রে ১৯৯৪ সালের কোম্পানি আইন লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এর পরও কোম্পানিটিকে টাকা তোলার অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আইপিওতে কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে সাড়ে চার কোটি শেয়ার ছেড়ে ৪৫ কোটি টাকা সংগ্রহ করবে। এ কার্যক্রম সম্পন্ন হলে কোম্পানিটির মোট শেয়ারের ৭০ শতাংশই চলে যাবে সাধারণের হাতে আর উদ্যোক্তা-পরিচালকদের হাতে থাকবে মাত্র ৩০ শতাংশ শেয়ার।
এ বিষয়ে বিএসইসির বক্তব্য হলো, সিকিউরিটিজ আইন ও যথাযথ প্রক্রিয়া মেনেই কোম্পানিটির আইপিও অনুমোদন করা হয়েছে।
কোম্পানি আইনের ১০৪ ধারা অনুযায়ী, কোনো কোম্পানির পরিচালক বার্ষিক সাধারণ সভার (এজিএম) অনুমোদন ছাড়া ওই কোম্পানির ব্যবস্থাপনাসংক্রান্ত লাভজনক কোনো পদে থাকতে পারবেন না। কিন্তু সিঅ্যান্ডএ টেক্সটাইলের ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ পদে রয়েছেন এটির পরিচালকেরা। আইপিও প্রসপেক্টাস অনুযায়ী, কোম্পানিটির পাঁচ পরিচালকের মধ্যে তিনজনই ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। কোম্পানির এমডির পদে রয়েছেন রুকসানা মোরশেদ, পরিচালক জামালউদ্দিন পাটোয়ারি নিজে কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা বা সিএফও এবং ইফতেখার আবদুল হাই রয়েছেন আইটি বিভাগের ব্যবস্থাপকের দায়িত্বে। আর কোম্পানি সচিবের দায়িত্বে রয়েছেন ফারহানা জামান লিয়েনা নামের একজন শেয়ারধারী।
কোম্পানিটির আর্থিক বছর জুলাই-জুনে। চলতি বছরের জুনে এটির আর্থিক বছর শেষ হলেও এখনো কোনো এজিএম অনুষ্ঠিত হয়নি। আর কোম্পানিটির পরিচালকেরা দায়িত্ব নিয়েছেন গত বছরের সেপ্টেম্বর ও নভেম্বর মাসে। যা এখনো এজিএমে অনুমোদন হয়নি। কোম্পানির সিএফও এবং পরিচালক জামালউদ্দিন পাটোয়ারীও প্রথম আলোর কাছে বিষয়টি স্বীকার করেছেন।
কোম্পানির আইপিও বিবরণীপত্রে যেসব তথ্য দেওয়া হয়েছে তা বিশ্লেষণ করে ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। এসব বিষয়ে জানতে চাইলে কোম্পানির পক্ষ থেকে এসব ভুলকে অনিচ্ছাকৃত ও মুদ্রণজনিত ত্রুটি বলে উল্লেখ করা হয়েছে।
সিকিউরিটিজ আইন অনুযায়ী কোম্পানির আইপিও প্রসপেক্টাস আইনি দলিল বা লিগ্যাল ডকুমেন্ট হিসেবে স্বীকৃত। তাই সেখানে কোনো মিথ্যা তথ্য দেওয়া সরাসরি সিকিউরিটিজ আইনের লঙ্ঘন।
আইপিও বিবরণীপত্রে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রুকসানা মোরশেদ সম্পর্কে বলা হয়েছে, তিনি আরও তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত যেগুলো তালিকাভুক্ত নয়। কিন্তু তালিকাভুক্ত কোম্পানি ফ্যামিলিটেক্সের পরিচালক পদে তাঁর থাকার তথ্যটি গোপন করা হয়েছে বিবরণীপত্রে।
জানতে চাইলে কোম্পানিটির শেয়ারের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে থাকা মার্চেন্ট ব্যাংক এএফসি ক্যাপিটালের পক্ষ থেকে এক কর্মকর্তা জানান, কয়েক মাস আগেই তিনি ফ্যামিলিটেক্সের পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন। তবে গতকাল বিকেলে ফ্যামিলিটেক্সের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, সেখানে পরিচালক হিসেবে রুকসানা মোরশেদের নাম রয়েছে।
এ ছাড়া বিবরণীপত্রে (৪৪ পৃষ্ঠা) বলা হয়েছে এমডি, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও), কোম্পানি সচিব, ফিন্যান্স ডিরেক্টর ও মহাব্যবস্থাপক (ফিন্যান্স) ছাড়া কোম্পানির বেতনভোগীদের মধ্যে আর কেউ শেয়ারধারী পরিচালক নেই। অথচ আইটি শাখার ব্যবস্থাপক ইখতেখার আবদুল হাইও কোম্পানির পরিচালক। আবার বিবরণীতে কোম্পানির অর্থ (ফিন্যান্স) পরিচালকের দায়িত্বে থাকা মৃদুল কুমার সেন গুপ্তের এই পদে যোগদানের তারিখ দেখানো হয়েছে ১৯৮৯ সালের ১ মার্চ। অথচ কোম্পানিটির জন্ম ২০০১ সালে।
বিবরণীপত্রের পার্ট ৯-এ বলা হয়েছে, এটির পরিচালক ও তাঁদের সঙ্গে সম্পর্কিত কোনো ব্যক্তির কাছ থেকে কোম্পানি গত দুই বছরে কোনো ধরনের ঋণ গ্রহণ করেনি। কিন্তু নগদ অর্থ প্রবাহের (ক্যাশ ফ্লো) আর্থিক প্রতিবেদনে দেখানো হয়েছে ২০১৩ সালের ৩০ জুনেও পরিচালকদের কাছে কোম্পানিটির ৫১ কোটি টাকারও বেশি ঋণ রয়েছে। আর ২০১৩ সালের ডিসেম্বরের আগে এ ঋণ পরিশোধ করা হয়।
এসব তথ্যের সঠিকতা যাচাইয়ের প্রধান দায়িত্ব ছিল নিয়ন্ত্রক সংস্থার। এ ক্ষেত্রে তারা তা করতে ব্যর্থ হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান বলেন, বিষয়গুলো খতিয়ে দেখে অনিয়ম বা আইন লঙ্ঘন পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
জানতে চাইলে কোম্পানির সিএফও জামালউদ্দিন পাটোয়ারী প্রথম আলোকে বলেন, ‘বিবরণীপত্রে কিছু অনিচ্ছাকৃত ও মুদ্রণজনিত ভুল রয়েছে। তবে আমরা সব সময় বিনিয়োগকারীদের স্বার্থকেই সবচেয়ে বেশি প্রাধাণ্য দিই।’
কার কোম্পানি, কারা চালান?: বিএসইসি থেকে শুরু করে শেয়ারবাজার-সংশ্লিষ্ট সবাই প্রায়ই বিনিয়োগকারীদের একটি পরামর্শ দেন। আর সেটি হলো কোম্পানির আর্থিক ভিত্তি এবং পরিচালনা ও ব্যবস্থাপনার সঙ্গে কারা যুক্ত সেসব যাচাই-বাছাই করে বিনিয়োগ করা উচিত। কিন্তু সিঅ্যান্ডএ টেক্সটাইলের আইপিও প্রসপেক্টাস দেখে বিনিয়োগকারীদের সেই ধারণা বা তথ্য পাওয়াটা দুরূহ। কারণ কোম্পানিটির পরিচালনা পর্ষদের সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের সবাই এ কোম্পানির সঙ্গে যুক্ত হয়েছেন ২০১৩ সালের ডিসেম্বরে, আইপিও আবেদনের আগে। অথচ কোম্পানিটির যাত্রা শুরু হয় ২০০১ সালে। তাহলে কোম্পানিটির মূল উদ্যোক্তা কারা বা তাঁরা এখন কোথায়—এসব জানার কোনো উপায়ই নেই বিনিয়োগকারীদের।
শত কোটি টাকার কোম্পানি ও প্লেসমেন্ট: ২০০১ সালে মাত্র পাঁচ লাখ টাকা মূলধনের কোম্পানি ছিল সিঅ্যান্ডএ টেক্সটাইল। এরপর ২০১৩ সালের ২৫ নভেম্বর এসে নয় লাখ ৯২ হাজার নতুন শেয়ার ইস্যু ও প্রাক আইপিও প্লেসমেন্টের মাধ্যমে এটির মূলধন বাড়ানো হয় নয় কোটি ৯২ লাখ টাকা। মাত্র এক মাসের ব্যবধানে একই বছরের ৩০ ডিসেম্বর আবারও নতুন শেয়ার ছেড়ে ১২০ কোটি টাকার বেশি মূলধন বাড়ানো হয়। এরপর বিএসইসির কাছে কোম্পানিটির আইপিও আবেদন জমা দেওয়া হয়। অর্থাৎ আইপিও আবেদনের আগের দুই মাসে পাঁচ লাখ টাকার কোম্পানিটি হয়ে গেল ১৩০ কোটি টাকা মূলধনের কোম্পানি। আইপিওর ৪৫ কোটি টাকা যোগ হলে এটি হয়ে যাবে ১৭৫ কোটি টাকার মূলধনের কোম্পানি। আর মূলধনের বড় অংশটিই সংগ্রহ করা হয়েছে প্লেসমেন্ট ও আইপিও শেয়ার বিক্রি করে। প্লেসমেন্ট শেয়ারধারীদের মধ্যে যাঁদের নাম আছে সেখানে রয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একাধিক কর্মকর্তাও।
বিশেষজ্ঞ অভিমত: জানতে চাইলে বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, যেকোনো কোম্পানির আইপিও অনুমোদনের আগে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব নিয়ন্ত্রক সংস্থার। সেটি যথাযথ গুরুত্বের সঙ্গে করা উচিত। কোম্পানিগুলো সংশ্লিষ্ট সব আইনি বিধান পরিপালন করেছে কি না তা নিশ্চিত হওয়ার পরই কেবল অনুমোদন দেওয়া দরকার। এ ছাড়া পরিচালকদের সঙ্গে স্বার্থের সংঘাতের বিষয়টিকে গভীরভাবে খতিয়ে দেখা উচিত। সব মিলিয়ে যেসব কোম্পানি সব ধরনের যোগ্যতার মাপকাঠিতে উত্তীর্ণ হবে কেবল সেসব কোম্পানিকেই শেয়ারবাজার থেকে টাকা তোলার অনুমোদন দিতে হবে। আর কোনো কোম্পানি যদি এর ব্যত্যয় ঘটায় তাহলে সেগুলোর বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা দরকার।