মিশ্র প্রবণতা শেয়ারবাজারে
সপ্তাহের প্রথম দিন আজ রোববার মিশ্র প্রবণতায় শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক কমলেও বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক। তবে লেনদেন কমেছে দুই বাজারে।
ডিএসইতে ৫১৯ কোটি টাকার লেনদেন
দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক দশমিক ৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪,৬৪১ দশমিক ৪৫ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। বেলা সোয়া ১১টার দিকে সূচক ৩০ পয়েন্ট বেড়ে যায়। এরপর নিম্নমুখী প্রবণতায় যায় সূচক, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
আজ ডিএসইতে ২৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪২টির দাম বেড়েছে, কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৫১৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ৮৩ কোটি টাকা কম। বৃহস্পতিবার এ বাজারে ৬০২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
সিএসইতে ৪০ কোটি টাকার লেনদেন
ডিএসইতে সূচক কমলেও বেড়েছে সিএসইতে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৩৬৬ পয়েন্টে।
সিএসইতে আজ ২২৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১০৪টির দাম বেড়েছে। কমেছে ১০৫টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ৪০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা বৃহস্পতিবারের চেয়ে চার কোটি টাকা কম। বৃহস্পতিবার এই বাজারে ৪৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
ডিএসইতে লেনদেনে শীর্ষে বেক্সিমকো
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে রয়েছে বেক্সিমকো। আজ প্রতিষ্ঠানটির ১৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বিএসআরএম স্টিল, এমজেএল বিডি, সায়হাম টেক্সটাইল, গ্রামীণফোন, লাফার্জ সুরমা সিমেন্ট, এসিআই, বেক্সিমকো ফার্মা, বিএসসিসিএল, আফতাব অটো প্রভৃতি।