মুদ্রানীতি ঘোষণার পরদিন কমল সূচক ও লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুদ্রানীতি ঘোষণার পরদিন গতকাল বুধবার দেশের শেয়ারবাজারে সূচক ও লেনদেন কমে গেছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১২ পয়েন্ট কমেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি কমেছে প্রায় ৩০ পয়েন্ট।

বাজার-সংশ্লিষ্ট একাধিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা ও ব্যক্তি শ্রেণির বিনিয়োগকারীর সঙ্গে কথা বলে জানা গেছে, মুদ্রানীতিকে ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে কিছু প্রত্যাশা ছিল। শেয়ারবাজার নিয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বিশেষ কোনো বক্তব্য থাকবে—এমনটাই প্রত্যাশা ছিল তা​েদের। কিন্তু সেই প্রত্যাশার খুব বেশি প্রতিফলন দেখা যায়নি।

মুদ্রানীতি ঘোষণাকালে শেয়ারবাজার নিয়ে কোনো বক্তব্য না দিলেও মুদ্রানীতির লিখিত বক্তব্যে পুঁজিবাজার নিয়ে একটি অধ্যায় রয়েছে। তাতে বলা হয়েছে, গত অর্থবছরজুড়ে শেয়ারবাজার বেশ স্থিতিশীল ছিল। সূচক, বাজার মূলধন ও মূল্য আয় অনুপাতের দিক থেকে এ স্থিতিশীলতার হিসাব করা হয়েছে।

এ ছাড়া মুদ্রানীতির লিখিত বক্তব্যে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার করণীয়-বিষয়ক পরামর্শও দেওয়া হয়েছে। তাতে বলা হয়, শেয়ারবাজারে কোম্পানির শেয়ার ইস্যুর খরচ কমানো ও নতুন অর্থ সংগ্রহে করপোরেট প্রতিষ্ঠানগুলোকে বাজারমুখী করার প্রতি নিয়ন্ত্রক সংস্থার বিশেষ নজর দেওয়া দরকার।

মুদ্রানীতিতে আরও বলা হয়, সরকারের পক্ষ থেকে সম্প্রতি দীর্ঘমেয়াদি পেনশন কর্মসূচি (স্কিম) চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের দীর্ঘমেয়াদি স্কিম পুঁজিবাজার ও আর্থিক বাজারের জন্য সহায়ক হবে।

একাধিক বিনিয়োগকারীর সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁদের প্রত্যাশা ছিল শেয়ারবাজারে ব্যাংকগুলোর অংশগ্রহণ বাড়াতে কোনো ইঙ্গিত বা পদক্ষেপ থাকবে। কিন্তু সরাসরি সে ধরনের কিছু ছিল না। তাই কিছুটা হতাশ হয়েছেন বিনিয়োগকারীরা।

ডিএসইতে এদিন ৩২৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৬০টির দাম আগের দিনের চেয়ে কমেছে, বেড়েছে ১০১টির, অপরিবর্তিত ছিল ৬৫টির দাম। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪০৫ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৪৩ কোটি টাকা কম।

চট্টগ্রামের বাজারে ২৫১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১২৭টির দাম কমেছে, বেড়েছে ৮৪টির আর অপরিবর্তিত ছিল ৪০টির দাম। সিএসইতে লেনদেন হয় ২১ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৮ কোটি টাকা কম।