মুদ্রানীতির প্রভাবে বড় দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মুদ্রানীতি ঘোষণার পরপরই সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রোববার দেশের শেয়ারবাজারে বড় ধরনের দরপতন ঘটেছে। ফলে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২ শতাংশের বেশি বা ১১৮ পয়েন্ট কমে গেছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটিও এদিন ২ দশমিক ৩৬ শতাংশ বা ৪১১ পয়েন্ট কমেছে। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সাম্প্রতিক সময়ে বাজারে এত বড় দরপতনের ঘটনা আর ঘটেনি। মূলত মুদ্রানীতিতে শেয়ারবাজার নিয়ে গভর্নরের সতর্কতামূলক বক্তব্যের পর বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ভর করে। তাতে তাৎক্ষণিকভাবে বিক্রির চাপ তৈরি হয়। এতে সূচকের বড় পতন ঘটে। পাশাপাশি দুই বাজারে লেনদেনও কমে গেছে।
জানতে চাইলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি ছায়েদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘মুদ্রানীতি ঘোষণাকালে গভর্নর শেয়ারবাজার নিয়ে যেসব বক্তব্য দিয়েছেন, তা বিনিয়োগকারীদের মধ্যে হতাশা ও বিভ্রান্তি তৈরি করেছে। যার তাৎক্ষণিক প্রভাব হিসেবে বাজারে বড় ধরনের দরপতন ঘটেছে।
ছায়েদুর রহমান বলেন, মুদ্রানীতি হলো মূলত অর্থবাজারের সঙ্গে সরাসরি সম্পৃক্ত বিষয়। শেয়ারবাজারের সঙ্গে এটির সরাসরি কোনো সম্পর্ক নেই। তারপরও দেখা যায়, প্রতিবছরই মুদ্রানীতিকে সামনে রেখে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ভর করে। এর মধ্যে এবারের মুদ্রানীতিতে গভর্নর শেয়ারবাজার নিয়ে যে সতর্কবাণী দিয়েছেন, তা বিনিয়োগকারীদের চরমভাবে হতাশ করেছে। ব্যাংকের ওপর নজরদারি কেন্দ্রীয় ব্যাংকের রুটিন কাজেরই অংশ। এটিকে মুদ্রানীতির সঙ্গে সম্পৃক্ত করার কোনো প্রয়োজন ছিল না।
এদিকে গত সপ্তাহের শেষ দুই কার্যদিবসেও বাজারে স্বাভাবিক মূল্য সংশোধন হয়। গতকাল সকালে মুদ্রানীতি ঘোষণার পরপর তা বড় ধরনের দরপতনে রূপ নেয়। যদিও সকাল থেকে বাজারে কিছুটা উত্থান-পতন ছিল। শেষ দেড় ঘণ্টায় গিয়ে সূচকের দ্রুত পতন ঘটে।
লেনদেন হওয়া অধিকাংশ শেয়ারেরই দরপতন ঘটে। বিক্রির চাপে কিছু কিছু কোম্পানির শেয়ার ক্রেতাশূন্য হয়ে পড়ে। এদিন ঢাকার বাজারে দরপতনে শীর্ষে ছিল শাইনপুকুর সিরামিকস। কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম প্রায় সাড়ে ৯ শতাংশ বা ১ টাকা ২০ পয়সা নেমে এসেছে সাড়ে ১১ টাকায়। ঢাকার বাজারে গতকাল লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮৪ শতাংশেরই দরপতন ঘটে। ডিএসইতে এদিন ৩২৭টি প্রতিষ্ঠানের লেনদেন হয়। তার মধ্যে ২৭৫টিরই দাম কমেছে, বেড়েছে মাত্র ৪৭টির আর অপরিবর্তিত ছিল ৫টির দাম।
জানতে চাইলে বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের শিক্ষক মোহাম্মদ মুসা বলেন, ‘আমাদের বাজারে বিনিয়োগকারীরা আবেগে বেশি প্রভাবিত হন। মুদ্রানীতিতে শেয়ারবাজার সম্পর্কে দেওয়া বক্তব্যের পর যখন বাজারে শেয়ারের দাম কমতে শুরু করে, তখন অধিকাংশ বিনিয়োগকারী কার আগে কে শেয়ার বিক্রি করে দেবেন তার প্রতিযোগিতা শুরু করেন। সাধারণত আমাদের দেশে উঠতি ও পড়তি বাজারে বিনিয়োগকারীরা চরম প্রতিক্রিয়া (ওভার রিঅ্যাক্ট) দেখান।’
মোহাম্মদ মুসা আরও বলেন, সাম্প্রতিক সময়ে বাজারে একধরনের তেজিভাব ছিল। তাতে সূচক ও শেয়ারের দাম বেড়েছে। অনেকের তাতে মুনাফাও হয়েছে। যখন বাজারে পতন দেখা দেয়, তখন তড়িঘড়ি শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নেওয়ার প্রবণতাও বেড়ে যায়। যেহেতু অনেক কোম্পানির প্রান্তিক প্রতিবেদন প্রকাশ শুরু হয়েছে, তাই বাজারে একটানা বড় ধরনের আশঙ্কা করছেন না এ বিশ্লেষক।
বড় দরপতনের ফলে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স গতকাল দিন শেষে কমে দাঁড়িয়েছে সাড়ে ৫ হাজার পয়েন্টে। ২৪ জানুয়ারি এ সূচকটি ৫ হাজার ৭০৪ পয়েন্টের সর্বোচ্চ অবস্থানে ছিল। দরপতনের এ দিনে ইসলামী ব্যাংককে সরিয়ে ঢাকার বাজারে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো। এদিন এককভাবে কোম্পানিটির প্রায় সাড়ে ৫৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। গতকাল দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ১৩৭ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১৩৩ কোটি টাকা কম।
চট্টগ্রামের সার্বিক সূচকটি গতকাল দিন শেষে কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৯৮৭ পয়েন্টে। দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৬৮ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৪ কোটি টাকা কম।