
চলতি বছরের তৃতীয় প্রান্তিকেও মুনাফা বেড়েছে সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জ সুরমার। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়েছে। এতে উল্লেখিত প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী মুনাফা হয়েছে প্রায় ৭১ কোটি টাকা। এ সময়ে শেয়ারপ্রতি আয় বা ইপিএস অর্জিত হয়েছে ৬১ পয়সা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির কর-পরবর্তী মুনাফা ছিল ৩৬ কোটি টাকা ও ইপিএস ছিল ৩১ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের চেয়ে এবার কোম্পানিটির ইপিএস প্রায় দ্বিগুণ বেড়েছে। এ ছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে কোম্পানিটির কর-পরবর্তী মুনাফার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২১১ কোটি টাকা। ইপিএস বেড়ে হয়েছে এক টাকা ৮২ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির মুনাফা ছিল ১৪২ কোটি টাকা ও ইপিএস ছিল এক টাকা ২২ পয়সা।
নিজস্ব প্রতিবেদক