মূল্য আয়-অনুপাত বেড়ে ১৬-তে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিনের মূল্য সংশোধনে কমে গেছে শেয়ারবাজারে লেনদেনের পরিমাণ। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহ শেষে দৈনিক গড় লেনদেন প্রায় সাড়ে ৩ শতাংশ কমেছে।
ডিএসইতে গত সপ্তাহ শেষে দৈনিক গড় লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৭৩১ কোটি টাকায়। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ১ হাজার ৭৯৬ কোটি টাকা। সেই হিসাবে দৈনিক গড় লেনদেনের পরিমাণ আগের সপ্তাহের চেয়ে ৬৫ কোটি টাকা কমে গেছে।
গত সপ্তাহের পাঁচ কার্যদিবসের মধ্যে শেষ দুই কার্যদিবসে বাজারে মূল্য সংশোধন হয়েছে। এতে গত বৃহস্পতিবার শেষ কার্যদিবসে লেনদেন নেমে আসে ১ হাজার ২৭০ কোটি টাকায়। ৯ জানুয়ারির পর এটিই ছিল ডিএসইতে সর্বনিম্ন লেনদেন।
লেনদেন খানিকটা কমলেও বেড়েছে সূচক। সপ্তাহ শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮৫ পয়েন্ট বা প্রায় দেড় শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬১৯ পয়েন্টে। আর বাছাই কোম্পানির সমন্বয়ে গঠিত ডিএস-৩০ সূচকটি বেড়েছে পৌনে ৩ শতাংশ বা ৫৫ পয়েন্ট।
বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গত সপ্তাহে লেনদেন ও মূল্যবৃদ্ধিতে মৌলভিত্তির কোম্পানির আধিপত্য ছিল।
সপ্তাহ শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ইসলামী ব্যাংক। সপ্তাহ শেষে ডিএসইতে এককভাবে কোম্পানিটির মোট লেনদেনের পরিমাণ ছিল ২৭৬ কোটি টাকা। আর প্রতিটি শেয়ারের দাম আগের সপ্তাহের চেয়ে প্রায় ৩০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে
প্রায় ৪৮ টাকায়। ৫ জানুয়ারি ইসলামী ব্যাংকের পরিচালনা ও ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তনের পর থেকে বাজারে কোম্পানিটির শেয়ারের দামেও বড় ধরনের উল্লম্ফন ঘটে। গত সপ্তাহে এ ধারা অব্যাহত ছিল।
এদিকে গত সপ্তাহ শেষে সার্বিকভাবে ডিএসইর মূল্য আয় অনুপাত বা পিই রেশিও প্রায় ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬-তে। বাজার মূলধন প্রায় দেড় শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৭৪ হাজার কোটি টাকায়।
গত সপ্তাহ শেষে ঢাকার বাজারে মূল্যবৃদ্ধিতে দ্বিতীয় অবস্থানে উঠে আসে ফনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। সপ্তাহ শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম প্রায় পৌনে ২৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৫ টাকায়।
বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, টানা কয়েক দিনের ঊর্ধ্বগতির পর সপ্তাহের শেষ দুই কার্যদিবসের কিছুটা মূল্য সংশোধন বাজারের জন্য ইতিবাচক।