মূল্য সংবেদনশীল তথ্য নেই প্যারামাউন্ট টেক্সটাইলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)। ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই গতকাল সোমবার নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বিশ্লেষণে দেখা যায়, ১৯ নভেম্বর থেকে কোম্পানিটির শেয়ার দর টানা বেড়ে চলেছে। আলোচিত সময়ে শেয়ারটির দর ৩২ টাকা ৩০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ৪২ টাকা ৫০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ কোম্পানিটির শেয়ারের দর গতকালের চেয়ে ৬০ পয়সা বেড়ে হয়েছে সাড়ে ২১ টাকা। আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

এ দিকে এক দিন পরেই সূচকের কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের গতি বেশ কম ডিএসইতে।

ডিএসইতে আজ দুপুর ১২টা নাগাদ ডিএসইএক্স সূচক প্রায় ৪ দশমিক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩০৬ পয়েন্টে। লেনদেন হয়েছে প্রায় ৩০৮ কোটি ৩৮ লাখ টাকা। গতকাল এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ৩৮৮ কোটি ৮৪ লাখ টাকা। আজ দুপুর ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৭২টির, কমেছে ১০১টির। দর অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির।

গতকাল লেনদেন শেষে ডিএসইএক্স সূচক কমে ৩৪ দশমিক ৪২ পয়েন্ট। মোট লেনদেন হয় ৯২৮ কোটি ৯১ লাখ টাকা।

ডিএসইতে আজ দুপুর ১২টা পর্যন্ত লেনদেনের শীর্ষে আছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আজ ডিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯৫ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৮৩ পয়সা। সর্বশেষ হিসাব-বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। এর মধ্যে ৯০ শতাংশ নগদ আর ১০ শতাংশ বোনাস লভ্যাংশ।

এর পরেই লেনদেনের শীর্ষে আছে স্টান্ডার্ড ব্যাংক লিমিটেড, গোল্ডেন হারভেস্ট অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিএমসি কামাল, পূবালী ব্যাংক, ন্যাশনাল টিউবস, বিডি থাই, লঙ্কা-বাংলা ফিন্যান্স, এবি ব্যাংক লিমিটেড ও সিটি ব্যাংক।

এর মধ্যে সিএমসি কামালের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব-বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এ সময় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯২ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য বা এনএভি হয়েছে ১৯ টাকা ২ পয়সা।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ দুপুর ১২টা নাগাদ সার্বিক সূচক বেড়েছে ২৭ দশমিক ১০ পয়েন্ট। মোট লেনদেনের পরিমাণ প্রায় ১৫ কোটি ৪৩ লাখ টাকা। গতকাল এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ১৮ কোটি ৯৬ লাখ টাকা। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৭৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ৬৫টির। দর অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির।