মূল্য সংশোধনে কমেছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল বৃহস্পতিবারও শেয়ারবাজারে মূল্য সংশোধন হয়েছে। ফলে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এদিন ৩ পয়েন্টের মতো কমেছে। এর আগে গত বুধবার ডিএসইর প্রধান সূচকটি ৮৭ পয়েন্ট বা প্রায় দেড় শতাংশ কমেছিল।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটিও গতকাল ২৯ পয়েন্ট কমেছে। মূল্য সংশোধনের ফলে সপ্তাহের শেষ কার্যদিবসে উভয় বাজারে সূচকের বড় ধরনের পতন না হলে লেনদেন বেশ কমে গেছে। ঢাকার বাজারে এদিন লেনদেন কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৭০ কোটিতে, যা আগের দিনের চেয়ে ২৫৫ কোটি টাকা কম। আর চট্টগ্রামের বাজারে দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ৭২ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১২ কোটি টাকা কম।
মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের প্রতিবেদনে বলা হয়েছে, বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর প্রান্তিক আয় প্রকাশ শুরু হয়েছে। এর ফলে বিনিয়োগকারীরা তাঁদের বিনিয়োগ পত্রকোষ বা পোর্টফোলিও ঢেলে সাজাতে শুরু করেছেন। যে কোম্পানির ভালো আয় করেছে, সেসব কোম্পানির শেয়ারের প্রতি বিনিয়োগকারীরা ঝুঁকছেন বেশি। বিশেষ করে ভালো কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ আগের চেয়ে বেশি দেখা গেছে। ফলে এদিন ডিএসইর প্রধান সূচক কমলেও বাছাই কোম্পানির সমন্বয়ে গঠিত ডিএস-৩০ সূচকটি ১০ পয়েন্টের মতো বেড়েছে।
ঢাকার বাজারে গতকালও দিন শেষে লেনদেনের শীর্ষে ছিল ইসলামী ব্যাংক। এদিন এককভাবে কোম্পানিটির প্রায় ৬৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। দিন শেষে প্রতিটি শেয়ারের দাম সোয়া ১ শতাংশ বা ৬০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ টাকা ৮০ পয়সায়। ৫ জানুয়ারি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আসার পর থেকে বাজারে কোম্পানিটির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়ে যায়। এতে করে প্রায় একটানা দাম বাড়তে থাকে কোম্পানিটির। সেই সঙ্গে লেনদেনেও শীর্ষ পর্যায়ে উঠে আসে।
ডিএসইতে গতকাল মূল্যবৃদ্ধির শীর্ষে ছিল রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ বা আইসিবি। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ১০ শতাংশ বা সাড়ে ১৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১৭০ টাকা ৫০ পয়সায়। ডিএসইর তথ্য অনুযায়ী, গত এক মাসে আইসিবির প্রতিটি শেয়ারের বাজারমূল্য সাড়ে ৬৪ টাকা বা ৩৮ শতাংশ বেড়েছে।
মূল্যবৃদ্ধিতে দ্বিতীয় অবস্থানে ছিল ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম প্রায় ৯ শতাংশ বা ২২ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২৭২ টাকা। ডিএসইর তথ্যানুযায়ী, গত এক মাসে এ কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ৭৫ টাকা বেড়েছে।