দেশের শেয়ারবাজারে গতকাল সোমবার কিছুটা মূল্য সংশোধন হয়েছে। এতেই দুই বাজারে গতকাল সূচক ও লেনদেন কমেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এদিন ১৬ পয়েন্ট কমেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি কমেছে প্রায় ৪৩ পয়েন্ট।
এর আগে গত রোববার দিন শেষে ডিএসইএক্স সূচকটি ৫২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১৬৭ পয়েন্টের রেকর্ড উচ্চতায় উঠেছিল। গতকাল সূচকটির কিছুটা পতন ঘটায় রেকর্ড অবস্থানের নিচে নেমে আসে সেটি। তবে গতকালও ডিএসইর দুই সূচকে আবারও রেকর্ড হয়েছে।
তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্য থেকে বাছাই করা ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচকটি গতকাল ৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০৯ পয়েন্টের রেকর্ড উচ্চতায় উঠেছে। আর শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচকটি ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭২ পয়েন্টের রেকর্ড অবস্থানে উঠেছে।
এদিকে রোববার থেকে লেনদেনে ভালো অবস্থানে উঠে এসেছে সিমেন্ট খাতের বহুজাতিক কোম্পানি লাফার্জ সুরমা সিমেন্ট। কোম্পানিটির সঙ্গে সিমেন্ট খাতের অপর কোম্পানি হোলসিমের একীভূত হওয়ার বিষয়টি এখনো সুরাহা হয়নি। বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পাওয়ার পর হোলসিমকে কেনা বাবদ অর্থ হস্তান্তর করবে লাফার্জ। সেটি হয়ে গেল লাফার্জ ও হোলসিমের একীভূত হওয়ার পথে আর কোনো বাধা থাকবে না।
এ অবস্থায় রোববার থেকে হঠাৎ করে কোম্পানিটির শেয়ার লেনদেনে গতি সঞ্চার হয়েছে। রোববার এক দিনেই কোম্পানিটির শেয়ারের ১০ শতাংশ দাম বেড়েছিল। আর গতকাল প্রতিটি শেয়ারের দাম ১ টাকা ৩০ পয়সা বা ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৬ টাকা ৪০ পয়সায়। এদিন ডিএসইতে লেনদেনে দ্বিতীয় অবস্থানে ছিল লাফার্জ সুরমা সিমেন্ট। দিন শেষে কোম্পানিটির প্রায় ৩৫ কোটি টাকার শেয়ারের হাতবদল হয়।
লেনদেনের দিক থেকে গতকাল শীর্ষ স্থানে ছিল লংকাবাংলা ফিন্যান্স। এদিন ঢাকার বাজারে কোম্পানিটির প্রায় ৪৬ কোটি টাকার শেয়ারের হাতবদল হয়। যদিও দিন শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম মাত্র ১০ পয়সা বেড়ে হয়েছে ৬৪ টাকা।
এদিকে ঢাকার বাজারে গতকালও ব্লক মার্কেটে ২৯ কোম্পানির প্রায় ১৩৯ কোটি টাকার শেয়ারের হাতবদল হয়। এর মধ্যে এককভাবে সোস্যাল ইসলামী ব্যাংকেরই প্রায় ১০৩ কোটি টাকার শেয়ারের হাতবদল হয়েছে।
দিন শেষে ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ১৫২ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১০৮ কোটি টাকা কম। চট্টগ্রামের বাজারে গতকাল লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৭১ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ৭ কোটি টাকা কম।