মূল্য সংশোধনের প্রভাব লেনদেনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল সোমবার দেশের শেয়ারবাজারে সূচক ও লেনদেন উভয়ই কমেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এদিন ২৮ পয়েন্ট কমেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি কমেছে ৮১ পয়েন্ট। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গত রোববার শেয়ারবাজারে লেনদেন বন্ধ ছিল। তাই গতকাল ছিল সপ্তাহের প্রথম কার্যদিবস।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কয়েক দিনের মূল্য বৃদ্ধির পর কিছুটা দরপতন বাজারের স্বাভাবিক আচরণ। আর দাম কমতে থাকলে লেনদেনও কিছুটা কমে। কারণ, বেশি দামে যাঁরা শেয়ার কিনেছেন, তখন তাঁরা কম দামে শেয়ার বিক্রি করতে চান না। সব মিলিয়ে গতকালের বাজারের সূচক ও লেনদেন কমার ঘটনাকে স্বাভাবিক মূল্য সংশোধন হিসেবেই দেখছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা।
জানতে চাইলে ডিএসইর পরিচালক শাকিল রিজভী বলেন, গত কয়েক দিনের মূল্য বৃদ্ধির পর বাজারে কিছুটা মূল্য সংশোধন হয়েছে গতকাল। এটি বাজারের স্বাভাবিক প্রবণতা। এতে বিনিয়োগকারীদের ভীত ও আতঙ্কিত হওয়ার কিছু নেই।
শাকিল রিজভী বলেন, গত কয়েক দিনে কিছু শেয়ারের দাম বেশ বেড়েছে। এখন সেসব শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নেওয়ার প্রবণতাও তৈরি হয়েছে। এতে কোম্পানিগুলোর শেয়ারের দামের কিছুটা সংশোধন হবে। তখন আবার নতুন করে কিছু বিনিয়োগকারী ওই সব শেয়ারের প্রতি বিনিয়োগে আকৃষ্ট হবেন। এটিই বাজারে স্বাভাবিক ও সাধারণ প্রবণতা।
ঢাকার বাজারে গতকাল লেনদেনের শীর্ষে ছিল লঙ্কাবাংলা ফিন্যান্স। বেশ কিছুদিন ধরে কোম্পানিটি লেনদেন ও মূল্য বৃদ্ধিতে শক্তিশালী অবস্থান ধরে রেখেছে। সোমবার দিন শেষে ডিএসইতে এককভাবে লঙ্কাবাংলা ফিন্যান্সের প্রায় ৪৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। প্রতিটি শেয়ারের দাম ২ টাকা ১০ পয়সা বা প্রায় সাড়ে ৩ শতাংশ বেড়েছে। ২০ মার্চ ডিএসইতে লঙ্কাবাংলার প্রতিটি শেয়ারের দাম ছিল ৫৯ টাকা ২০ পয়সা। চার কার্যদিবসের ব্যবধানে গতকাল দিন শেষে তা ৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ টাকা ২০ পয়সায়।
লেনদেনে দ্বিতীয় অবস্থানে ছিল বেক্সিমকো। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ৫০ পয়সা বা প্রায় দেড় শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৫ টাকা ৬০ পয়সায়। লেনদেনে তৃতীয় অবস্থানে উঠে এসেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। সোমবার ডিএসইতে এককভাবে কোম্পানিটির প্রায় ২১ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দিন শেষে প্রতিটি শেয়ারের দাম ১০ টাকা ৬০ পয়সা বা প্রায় ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯৩ টাকায়।
মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের প্রতিবেদনে বলা হয়েছে, বিনিয়োগকারীদের মধ্যে এখন মুনাফা তুলে নেওয়ার ঝোঁক বেশি। তাই বিক্রির চাপ বেড়ে যাওয়ায় লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দরপতন ঘটেছে। গত কয়েক দিনে ব্যাংক খাতের শেয়ারের কিছুটা মূল্য বৃদ্ধি ঘটেছে। তাই এখন ব্যাংক খাতের শেয়ারের বিক্রির চাপটা বেশি।
ডিএসইর তথ্য অনুযায়ী, ঢাকার বাজারে গতকাল ব্যাংক খাতের লেনদেন হওয়া ৩০ কোম্পানির মধ্যে ২৩টিরই দাম কমেছে, অপরিবর্তিত ছিল ৪টির। আর দাম বেড়েছে মাত্র ৩টির। আইডিএলসি ইনভেস্টমেন্টসের তথ্য অনুযায়ী, গতকাল ব্যাংক খাতের প্রতিটি শেয়ারের দাম গড়ে প্রায় সোয়া ১ শতাংশ কমেছে।
দরপতনের ফলে ঢাকার বাজারে গতকাল লেনদেন নেমে এসেছে ৭৭৭ কোটি টাকায়। এর আগে ২৩ মার্চ সর্বশেষ লেনদেনের দিনে ১ হাজার ৪০ কোটি টাকার লেনদেন হয়েছিল। চট্টগ্রামের বাজারে সোমবার লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৬৯ কোটি টাকা, যা আগের কার্যদিবসের প্রায় সমান।