মূল্যবৃদ্ধিতে আর্থিক প্রতিষ্ঠানের আধিপত্য
শেয়ারবাজারে গতকাল সোমবার ছিল মূল্যবৃদ্ধিতে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের আধিপত্যের দিন। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া এ খাতের ২৩ কোম্পানির মধ্যে ১৭টিরই দাম বেড়েছে।
ঢাকার বাজারে মূল্যবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকার ছয়টিই ছিল আর্থিক খাতের কোম্পানি। এর মধ্যে তালিকার শীর্ষে ছিল প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স। দিন শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ১ টাকা ২০ পয়সা বা প্রায় ৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ টাকা ৬০ পয়সায়। আর লেনদেনের শীর্ষস্থানটি পুনরুদ্ধার করেছে আর্থিক খাতের অপর কোম্পানি লংকাবাংলা ফিন্যান্স।
ডিএসইতে গতকাল এককভাবে লংকাবাংলার প্রায় ৪৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। দিন শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ২ টাকা ৮০ পয়সা বা প্রায় সাড়ে ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬৪ টাকায়। গত ছয় মাসের মধ্যে গতকাল দিন শেষে লংকাবাংলার শেয়ারের দাম সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।
গত ২৮ আগস্ট লংকাবাংলার প্রতিটি শেয়ারের দাম ছিল ২৮ টাকা। গত ছয় মাসের ব্যবধানে তা সোয়া দুই গুণ বেড়ে ৬৪ টাকায় উঠেছে। এর মধ্যে কোম্পানিটির ২০১৬ সালের ডিসেম্বরে সমাপ্ত আর্থিক বছরের জন্য নগদ ও বোনাস মিলিয়ে ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। এ লভ্যাংশকে কেন্দ্র করেই কোম্পানিটির শেয়ারের দামে বড় ধরনের উল্লম্ফন ঘটে। ফলে বেশ কিছুদিন ধরে লেনদেনের শীর্ষ পর্যায়ে উঠে আসে কোম্পানিটি। মাঝে কয়েক দিন স্থানচ্যুত থাকার পর গতকাল দিন শেষে আবারও লেনদেনের শীর্ষস্থানটি পুনরুদ্ধার করে লংকাবাংলা।
মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের প্রতিবেদনে বলা হয়েছে, গতকালের বাজারে মূল্যবৃদ্ধিতে শীর্ষে ছিল আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানিগুলো। এ খাতের লেনদেন হওয়া কোম্পানিগুলোর শেয়ারের দাম এদিন গড়ে শূন্য দশমিক ৪ শতাংশ বেড়েছে। অন্যদিকে দর হ্রাস পাওয়ার শীর্ষে ছিল বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানিগুলো। এক দিনেই গতকাল এ খাতের তিতাস গ্যাসের শেয়ারের দাম ১ টাকা ৭০ পয়সা বা ৩ শতাংশেরও বেশি কমে দাঁড়িয়েছে ৫৩ টাকা ৫০ পয়সায়। তবে লেনদেনে আধিপত্য ছিল ওষুধ খাতের। ডিএসইর মোট লেনদেনের প্রায় সাড়ে ১৭ শতাংশই ছিল এ খাতের দখলে।
এদিকে, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে গতকাল উভয় স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন কমেছে। এটিকে মূল্য সংশোধন বলেই আখ্যায়িত করেছেন বাজারসংশ্লিষ্টরা। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স এদিন ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬২০ পয়েন্টে। দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ২০ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৩৭৩ কোটি টাকা কম।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি এদিন ৪৩ পয়েন্ট কমেছে। দিন শেষে সেখানকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল ৫৯ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৩২ কোটি টাকা কম।