মূল্যসূচক কমলেও, লেনদেন বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে সূচক কমেছে। কিন্তু বেড়েছে লেনদেন। এ চিত্র গতকাল বুধবারের। আজ বৃহস্পতিবার দুর্গাপূজার ছুটির কারণে গতকালই ছিল শেয়ারবাজারে চলতি সপ্তাহের শেষ লেনদেনের দিন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের শুরুর দিন গত রোববার সূচক ও লেনদেন দুই-ই কমেছিল। এরপরের দুই দিন সূচক ও লেনদেন বেড়েছে। কিন্তু গতকালের চিত্র ছিল ভিন্ন। অর্থাৎ সূচক কমলেও লেনদেন বেড়েছে।
ডিএসইর তথ্য-উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট কমে ৪ হাজার ৬৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন শুরু হওয়ার প্রথম এক ঘণ্টায় এ সূচক অবশ্য প্রায় ৩০ পয়েন্ট পড়ে গিয়েছিল। পরে কিছুটা ওপরের দিকে ওঠে।
সোমবারের তুলনায় মঙ্গলবার ডিএসইএক্স সূচক ১৩ পয়েন্ট বাড়লেও লেনদেন হয়েছিল ৩৩৯ কোটি ১৬ লাখ টাকার শেয়ার। কিন্তু মঙ্গলবারের তুলনায় গতকাল ১০ পয়েন্ট কমেও লেনদেন হয়েছে ৩৫৬ কোটি ১৮ লাখ টাকার শেয়ার। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ১৭ কোটি ২ লাখ টাকার শেয়ার বেশি লেনদেন হয়েছে।
গতকাল ডিএসইতে লেনদেন হওয়া ৩১৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ১৫১টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির শেয়ারের দাম।
লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হচ্ছে লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো ফার্মা, কেডিএস, এসপিসিএল, আমান ফিড, শাহজিবাজার পাওয়ার, বেঙ্গল উন্ডসোর, সাইফ পাওয়ারটেক, ইউসিবি, গ্রামীণফোন ও ফার কেমিক্যাল।
ডিএসইতে গতকাল লাফার্জ সুরমা সিমেন্টেরই ২২ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার লেনদেন হয়েছে ১৫ কোটি ৪৬ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার। ১৪ কোটি ৬৫ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে কেডিএস এক্সেসরিজ।
এদিকে সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১৮ দশমিক ৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৮ হাজার ৬৩৬ দশমিক ৫৮ পয়েন্টে। এ বাজারে গতকাল লেনদেন হয়েছে ৩০ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার। সিএসইতেও আগের দিনের তুলনায় লেনদেন কিছুটা বেড়েছে। এ বাজারে মঙ্গলবারের তুলনায় ৭৪ লাখ টাকা বেড়ে লেনদেন হয়েছে ৩০ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার।
সিএসইতে মোট লেনদেন হওয়া ২৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির।