মৌলভিত্তির কোম্পানির শেয়ারের ওপর ভর করে দেশের শেয়ারবাজারে সূচক বেড়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স গতকাল বুধবার প্রায় ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮২৪ পয়েন্টে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি এদিন ৪৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৪ পয়েন্টে। দুই বাজারে সূচক বাড়লেও লেনদেনে ছিল ভিন্ন ভিন্ন অবস্থা। ঢাকার বাজারে লেনদেন কিছুটা কমেছে আর বেড়েছে চট্টগ্রামে।
মুদ্রানীতি ঘোষণাকে কেন্দ্র করে কয়েক দিন ধরে বাজারে কিছুটা ধীরগতি দেখা দেয়। মুদ্রানীতি সামনে রেখে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে একধরনের ভীতির সঞ্চার হয়। এ অবস্থায় গতকাল ঘোষিত মুদ্রানীতিতে শেয়ারবাজার নিয়ে তেমন কিছুই বলা হয়নি।
মুদ্রানীতি ঘোষণাকালে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে গভর্নর ফজলে কবির বলেন, শেয়ারবাজারে নজরদারির কাজটি বাংলাদেশ ব্যাংকের নয়। ব্যাংক ও তার সহযোগী প্রতিষ্ঠানগুলো শেয়ারবাজারে বিনিয়োগ করে, সেই বিনিয়োগ নির্ধারিত সীমার মধ্যে রয়েছে কি না, শুধু তা নজরদারি করে বাংলাদেশ ব্যাংক। শেয়ারবাজার নিয়ন্ত্রণ করা পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কাজ।
শেয়ারবাজারকে প্রভাবিত করার মতো তেমন কিছুই ছিল না ঘোষিত মুদ্রানীতিতে। শেয়ারবাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরাও মনে করেন, মুদ্রানীতির সরাসরি কোনো প্রভাব শেয়ারবাজারে নেই। তবু দেখা যায়, প্রতিবার মুদ্রানীতি সামনে রেখে একধরনের জুজুর ভয় ছড়ানো হয় সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে।
এদিকে মুদ্রানীতি ঘোষণার দিনে গতকাল ঢাকার বাজারে লেনদেনে আধিপত্য ছিল ভালো মৌলভিত্তির কোম্পানির। ডিএসইতে গতকাল লেনদেনের শীর্ষ-৫-এ ছিল যথাক্রমে আইডিএলসি, লঙ্কাবাংলা ফিন্যান্স, ব্র্যাক ব্যাংক, গ্রামীণফোন ও আরএকে সিরামিকস।
ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা আইডিএলসির প্রতিটি শেয়ারের দাম ১ টাকা ৮০ পয়সা বা প্রায় আড়াই শতাংশ বেড়েছে। এদিন এককভাবে কোম্পানিটির প্রায় ২৮ কোটি টাকার শেয়ারের হাতবদল হয়েছে ঢাকার বাজারে। লেনদেনের দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকা লঙ্কাবাংলা ও ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম কমেছে। চতুর্থ অবস্থানে থাকা মূলধনের দিক থেকে বৃহৎ কোম্পানি গ্রামীণফোনের প্রতিটি শেয়ারের দাম ৬ টাকা ৪০ পয়সা বা পৌনে ২ শতাংশ বেড়েছে। পঞ্চম অবস্থানে থাকা বহুজাতিক আরএকে সিরামিকসের প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ২ টাকা বা প্রায় সাড়ে ৩ শতাংশ।
ঢাকার বাজারে গতকাল লেনদেনের পরিমাণ ছিল ৬৩৯ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১৭ কোটি টাকা কম। চট্টগ্রামের বাজারে গতকাল দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ৩৮ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৭ কোটি টাকা বেশি।