মোসাদ্দেক আলীকে এক কোটি টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ার কারসাজির দায়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুকে এক কোটি টাকা ও গোলাম মোস্তফা নামের এক বিনিয়োগকারীকে তিন কোটি টাকা জরিমানা করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় গতকাল বুধবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 
২০১০ সালের শেয়ারবাজার ধসের পর বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে সরকার গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিএসইসির করা অধিকতর তদন্তের পর এ জরিমানা করা হয়।
বিএসইসির তথ্য অনুযায়ী, খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে মোসাদ্দেক আলী ও গোলাম মোস্তফার বিরুদ্ধে শেয়ার কারসাজির অভিযোগ তুলে ধরা হয়। ওই অভিযোগের ভিত্তিতে বিএসইসি এ বিষয়ে দুই দফা অধিকতর তদন্ত করে। তাতে দুজনের বিরুদ্ধে কারসাজির প্রমাণ পাওয়া যায়।
খোন্দকার ইব্রাহিম খালেদের ওই তদন্ত প্রতিবেদনে বলা হয়েছিল, সময় স্বল্পতার কারণে তদন্ত কমিটি অমনিবাসের আড়ালে থাকা কয়েক লাখ ছায়া হিসাব পরীক্ষা করতে পারেনি। তবে নমুনা চয়ন করে কয়েকটি হিসাব পরীক্ষাকালে মোসাদ্দেক আলী, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, ডা. এইচ বি এম ইকবাল, মুনিরুদ্দিন আহমদ, রোকসানা আমজাদ, গোলাম মোস্তফা, আহসান ইমাম, ইয়াকুব আলী খন্দকার, নিউ ইংল্যান্ড ইক্যুইটি, লুৎফর রহমান (বাদল), সোমা আলম রহমানের হিসাবে অস্বচ্ছতা পাওয়া যায়। পুনর্গঠিত বিএসইসিকে এসব ছায়া হিসাব যথাযথ পরীক্ষা করে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছিল প্রতিবেদনে। তবে বিএসইসি এখন পর্যন্ত মোসাদ্দেক আলী ও গোলাম মোস্তফার বিরুদ্ধেই ব্যবস্থা নিল।
বিএসইসি সূত্রে জানা গেছে, গুচ্ছ বা অমনিবাস হিসাবের আড়ালে মোসাদ্দেক আলী কারসাজির মাধ্যমে তালিকাভুক্ত কোম্পানি আইএফআইসি ব্যাংক ও বেক্সিমকোর শেয়ারের কৃত্রিম চাহিদা তৈরি করেন। পাশাপাশি সক্রিয় লেনদেনের মিথ্যা ও ভ্রান্ত চিত্র তৈরি করে ওই দুই কোম্পানির শেয়ারের দামকে প্রভাবিত করেছেন। বিএসইসির অধিকতর তদন্ত শেষে অভিযুক্ত মোসাদ্দেক আলীকে শুনানিতে ডাকা হয়। কিন্তু তিনি শুনানিতে যে বক্তব্য উপস্থাপন করেছেন, তা বিএসইসির কাছে গ্রহণযোগ্য মনে না হওয়ায় সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে তাঁকে এক কোটি টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে জানতে সরাসরি মোসাদ্দেক আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। পরে তাঁর পক্ষে এ বিষয়ে কথা বলেন তাঁরই মালিকানাধীন প্রতিষ্ঠান এনটিভির কোম্পানি সচিব অমিতাভ ভৌমিক। তিনি প্রথম আলোকে জানান, কেন এবং কী জন্য জরিমানা করা হয়েছে, সে সম্পর্কে তাঁরা অবহিত নন। তাই এ বিষয়ে সুনির্দিষ্টভাবে কোনো বক্তব্য দেওয়া সম্ভব হচ্ছে না। তবে মোসাদ্দেক আলী শেয়ারবাজারে অন্য ক্ষতিগ্রস্তদের মতো একজন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী।
একইভাবে ইব্রাহিম খালেদের নেতৃত্বাধীন তদন্ত কমিটির অভিযোগের ভিত্তিতে গোলাম মোস্তফার শেয়ার লেনদেনের বিষয়টিও দুই দফায় অধিকতর তদন্ত করে বিএসইসি। তাতে তাঁর বিরুদ্ধে তালিকাভুক্ত কোম্পানি ইস্টল্যান্ড ইনস্যুরেন্স, নাভানা সিএনজি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইউনিয়ন ক্যাপিটাল, লঙ্কাবাংলা ফিন্যান্স ও ফাস্ট লিজ ইন্টারন্যাশনালের শেয়ার নিয়ে কারসাজির প্রমাণ পাওয়া যায়। এরপর গোলাম মোস্তফাকে শুনানিতে ডাকা হয়। কিন্তু সেখানে দেওয়া বক্তব্য গ্রহণযোগ্য মনে না হওয়ায় সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে তাঁকে তিন কোটি টাকা জরিমানা করে বিএসইসি। এ বিষয়ে বক্তব্য জানতে গোলাম মোস্তফার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান খোন্দকার ইব্রাহিম খালেদ প্রথম আলোকে বলেন, ‘একেবারে বিচার না হওয়ার চেয়ে দেরিতে হলেও বিচার হওয়া ভালো। অনিয়ম যাঁরা করেন তাঁদের যদি শাস্তি দেওয়া না যায়, তাহলে অনিয়ম বাড়তে থাকে। শাস্তি নিশ্চিত করা হলে অনিয়ম কমে আসে। সেই দিক থেকে বলতে পারি, দেরিতে হলেও শেয়ারবাজার কারসাজির সঙ্গে যুক্ত ব্যক্তিদের শাস্তির আওতায় আনার উদ্যোগটি ভালো লক্ষণ।’