যান্ত্রিক ত্রুটির কারণে আবারও দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) স্বাভাবিক লেনদেনে বিঘ্ন ঘটেছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রোববার এ বাজারে নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পরে লেনদেন শুরু হয়।
এর আগে সর্বশেষ গত ১২ আগস্ট যান্ত্রিক ত্রুটির কারণে ডিএসইতে এক ঘণ্টা ৪০ মিনিট দেরিতে লেনদেন শুরু হয়েছিল। এরপর গতকাল আবারও এর পুনরাবৃত্তি ঘটায় ডিএসইকে কারণ দর্শানোর চিঠি দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ সোমবারের মধ্যে এ চিঠির জবাব দিতে বলা হয়েছে।
এদিকে ডিএসইতে লেনদেনে বিলম্ব ঘটলেও দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) স্বাভাবিক লেনদেন চলেছে। এদিন সিএসইতে সকাল সাড়ে ১০টা থেকে আড়াইটা পর্যন্ত স্বাভাবিক লেনদেন হয়েছে। আর ডিএসইতে দেড় ঘণ্টা বিলম্বে দুপুর ১২টায় লেনদেন শুরু হয়ে একটানা বিকেল চারটা পর্যন্ত চলে।
গতকাল দুই বাজারে সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে। ঢাকার বাজারের প্রধান সূচক ডিএসইএক্স এদিন ৬৫ পয়েন্ট বা প্রায় দেড় শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৯৭ পয়েন্টে। মোট লেনদেন হয় ৪৩১ কোটি টাকার, যা আগের কার্যদিবসের চেয়ে ২৭ কোটি টাকা বেশি।
ঢাকার বাজারে এদিন ৩১৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ৭৫ শতাংশ বা ২৩৫টির, কমেছে ৪৯টির আর অপরিবর্তিত ছিল ২৯টি কোম্পানির।
ডিএসইতে গতকাল লেনদেনের শীর্ষে ছিল সেবা খাতের কোম্পানি সাইফ পাওয়ারটেক। এদিন এককভাবে কোম্পানিটির প্রায় ২৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। দিন শেষে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৩ টাকা ১০ পয়সা বা ৪ দশমিক ৩১ শতাংশ।
সিএসইর সার্বিক মূল্যসূচক এদিন ১৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৭২ পয়েন্টে। দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ প্রায় ৩১ কোটি টাকায় উন্নীত হয়, যা আগের কার্যদিবসের চেয়ে চার কোটি টাকা বেশি। চট্টগ্রামের বাজারে এদিন ২৩৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ১৬০টির, কমেছে ৪৩টির আর অপরিবর্তিত ছিল ৩১টি কোম্পানির।