রকিবুর রহমানসহ দুই আসামির জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯৬ সালের শেয়ার কেলেঙ্কারি মামলায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক সভাপতি রকিবুর রহমান ও সাবেক পরিচালক শহিদুল হক বুলবুলের জামিন মঞ্জুর করেছে পুঁজিবাজার-বিষয়ক বিশেষ ট্রাইব্যুনাল। গতকাল রোববার এ মামলায় আসামিদের হাজির হওয়ার নির্ধারিত দিনে বিশেষ ট্রাইব্যুনালের বিচারক হুমায়ুন কবীর এ জামিন আবেদন মঞ্জুর করেন।
একই মামলার অপর আসামি দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান টি কে গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আবু তৈয়বকে ১৬ আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।
১৯৯৬ সালে শেয়ারবাজার কেলেঙ্কারির ঘটনায় মোট ১৫টি মামলা হয়েছিল। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষ থেকে এসব মামলা দায়ের করা হয়েছিল। এর মধ্যে চিটাগাং সিমেন্ট অ্যান্ড ক্লিংকার কোম্পানির (বর্তমানে হাইডেলবার্গ সিমেন্ট) শেয়ার নিয়ে কারসাজির অভিযোগে রকিবুর রহমান, আবু তৈয়ব ও শহিদুল হক বুলবুলকে আসামি করা হয়। তিনজনই সে সময় কোম্পানিটির পরিচালক ছিলেন।
গত জুনে শেয়ারবাজার-সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরুর পর ’৯৬ সালের মামলাগুলোর মধ্যে প্রথম চিটাগাং সিমেন্ট কোম্পানি সংশ্লিষ্ট মামলাটির বিচারিক কাজ শুরু হয়। তারই অংশ হিসেবে গতকাল আসামিদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
আদালতের নির্দেশে রোববার সকালে আদালতে হাজির হয়ে রকিবুর রহমান ও শহিদুল হক আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। দুজনই এ মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। আগের জামিনের সেই শর্তে ট্রাইব্যুনালও গতকাল তাঁদের জামিন আবেদন মঞ্জুর করেন।
চিটাগাং সিমেন্টের মামলায় রকিবুর রহমান ও শহিদুল হক বুলবুলের বিরুদ্ধে অন্যতম অভিযোগ, এ দুজন বিএসইসির নির্দেশনা অমান্য করে কোম্পানিটির পরিচালক পদে ছিলেন।
জানতে চাইলে রকিবুর রহমান বলেন, ‘২০০৯ সালে ডিএসইর সভাপতি থাকার সময় শেয়ারবাজার-সংশ্লিষ্ট মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য একসময় আমি নিজেই বিশেষ আদালত গঠনের দাবি করেছিলাম। আশা করছি, বিজ্ঞ আদালত থেকে ন্যায়বিচার পাব।’
১৯৯৬ সালের শেয়ারবাজার কেলেঙ্কারির সময়ও ক্ষমতায় ছিল আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার। ওই কেলেঙ্কারির ঘটনায় সরকারের পক্ষ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য আমিনুল ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটি ১৯৯৭ সালের ২৭ মার্চ সরকারের কাছে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেয়। ওই তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতেই পরে বিএসইসি ১৫টি মামলা করে। এসব মামলায় ৩৮ ব্যক্তি, আটটি তালিকাভুক্ত কোম্পানি ও ছয়টি ব্রোকারেজ হাউসকে কেলেঙ্কারির দায়ে অভিযুক্ত করা হয়। ’৯৬ সালে শেয়ারবাজারে কাগুজে শেয়ারে লেনদেন চলত। ওই সময়ের কেলেঙ্কারির ঘটনার পরই ইলেকট্রনিক শেয়ার লেনদেনের ব্যবস্থা করা হয়। এ জন্য শেয়ার সংরক্ষণে প্রতিষ্ঠা করা হয় সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড বা সিডিবিএল নামে আলাদা কোম্পানি।
ডিএসইর তথ্য অনুযায়ী, নানা ধরনের কারসাজির ফলে ১৯৯৬ সালের ৫ নভেম্বর ডিএসইর সূচক বেড়ে সর্বোচ্চ ৩ হাজার ৬৪৯ পয়েন্টে ওঠে। এরপর ধস নামে বাজারে। তারই ধারাবাহিকতায় সূচক কমতে কমতে ১৯৯৯ সালের মে মাসে ৪৬২ পয়েন্টে নেমে আসে। এতে সর্বস্বান্ত হয় অনেক বিনিয়োগকারী। শেয়ারবাজারে একই ধরনের কেলেঙ্কারির ঘটনা ঘটেছে ২০১০ সালেও। নানা ধরনের কারসাজির ফলে ২০১০ সালের ৫ ডিসেম্বর ডিএসইর প্রধান সূচকটি উঠে গিয়েছিল ৮ হাজার ৯১৯ পয়েন্টে। সেখান থেকে এটির পতন শুরু হয় আর তাতে লাখ লাখ বিনিয়োগকারী নিঃস্ব হন।