রপ্তানি আয় বেড়েছে ২.৮০ শতাংশ
চলতি ২০১৪-১৫ অর্থবছরের জুলাই থেকে মে অর্থাৎ প্রথম ১১ মাসে বাংলাদেশের পণ্য রপ্তানিতে আয় হয়েছে দুই হাজার ৮১৪ কোটি মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ের রপ্তানি আয়ের চেয়ে যা দুই দশমিক ৮০ শতাংশ বেশি। এই সময়ে গত অর্থ বছরে আয় হয়েছিল দুই হাজার ৭৩৭ কোটি মার্কিন ডলার।
এই ১১ মাসে রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল দুই হাজার ৯৯৪ কোটি ডলার। সে হিসেবে অর্জিত আয় লক্ষ্যমাত্রার চেয়ে ছয় শতাংশ কম। ফলে চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রা তিন হাজার ৩২০ কোটি ডলার পূরণ করতে হলে শেষ এক মাস অর্থাৎ জুনে ৫০৬ কোটি ডলার রপ্তানি আয় করতে হবে। যদিও এই অর্থবছরের কোনো মাসেই এই পরিমাণ রপ্তানি আয় সম্ভব হয়নি। সর্বোচ্চ আয় হয়েছে গত জুলাইতে ২৯৮ কোটি ডলার।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আজ সোমবার রপ্তানি আয়ের এই হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে। এতে দেখা যায়, তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য, প্রকৌশল পণ্য, হস্তশিল্প, বাইসাইকেল, হোম টেক্সটাইলসহ কয়েকটি পণ্যের রপ্তানি আয় আগের অর্থবছরের চেয়ে বৃদ্ধি পেয়েছে।
ইপিবির দেওয়া তথ্যানুযায়ী, মোট পণ্য রপ্তানির ৮১ শতাংশ তৈরি পোশাক খাত থেকে এসেছে। অর্থবছরের প্রথম ১১ মাসে খাতটি থেকে আয় হয়েছে দুই হাজার ২৯২ কোটি ডলার। এই আয় গত অর্থবছরের একইসময়ের দুই হাজার ২১৭ কোটি ডলারের চেয়ে তিন দশমিক ৩৬ শতাংশ বেশি। এই আয়ের মধ্যে নিটের অবদান এক হাজার ১১৬ কোটি ডলার এবং ওভেনের অবদান এক হাজার ১৭৫ কোটি ডলার।
এ ছাড়া আলোচ্য সময়ে চামড়া ও চামড়াজাত পণ্যে ১০২ কোটি, পাট ও পাটজাত পণ্যে ৭৯ কোটি, হোম টেক্সটাইলে ৭৪ কোটি, হিমায়িত খাদ্যে ৫২ কোটি, কৃষিজাত পণ্যে ৫৪ কোটি, প্লাস্টিক পণ্যে নয় কোটি ২১ লাখ, বাইসাইকেলে ১১ কোটি ৭২ লাখ, টেরিটাওয়েলে তিন কোটি ৮০ লাখ এবং হস্তশিল্পে ৭০ লাখ মার্কিন ডলার আয় হয়েছে।
গত ২০১৩-১৪ অর্থবছরে তিন হাজার ১৮ কোটি ডলার রপ্তানি আয় হয়েছিল। গতবারই পণ্য রপ্তানিতে ৩ হাজার কোটি ডলারের মাইলফলক অর্জন করে বাংলাদেশ।